প্র্রতিনিধি
প্রকাশ: ২০:০৭, ২০ ফেব্রুয়ারি ২০২৬
ছবি :সংগৃহীত
নিজ নির্বাচনি এলাকা ফেনী-৩ (দাগনভূঞা-সোনাগাজী) আসনকে চাঁদাবাজি, সন্ত্রাসসহ সব ধরনের অনিয়মমুক্ত রাখার ঘোষণা দিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দিনগত রাতে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে মন্ত্রী এ ঘোষণা দেন।
স্ট্যাটাসে মিন্টু লিখেন, ফেনী-৩ (সোনাগাজী ও দাগনভূঞা) এলাকাকে চাঁদাবাজি, সন্ত্রাস ও যেকোনো ধরনের অনিয়মমুক্ত রাখতে তারা বদ্ধপরিকর। একটি নিরাপদ ও সুন্দর সমাজ গড়ে তুলতে সবার সহযোগিতা প্রয়োজন।
অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হয়ে নির্ভয়ে তথ্য দেওয়ার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, প্রাপ্ত সব তথ্য গোপন রাখা হবে।
চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করে অভিযোগ জানানোর জন্য একটি হটলাইন নম্বরও প্রকাশ করেন তিনি। নম্বরটি হলো: ০১৭৩০০০৪৮৪৪।
একই স্ট্যাটাসে তিনি নিজে সচেতন হওয়ার পাশাপাশি অন্যদেরও সচেতন করার আহ্বান জানান। এদিকে স্থানীয়দের মতে, ঘোষণার কার্যকর বাস্তবায়ন হলে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটবে।
সোনাগাজী উপজেলা যুবদলের আহ্বায়ক খুরশিদ আলম ভূইঁয়া বলেন, চাঁদাবাজি নিয়ে সাধারণ মানুষ অনেক সময় ভয়ে মুখ খুলতে পারে না। হটলাইন চালু হওয়ায় এখন অভিযোগ করার একটি নিরাপদ পথ তৈরি হলো। সঠিকভাবে বাস্তবায়ন হলে এলাকায় স্বস্তি ফিরবে।
দাগনভূঞার ব্যবসায়ী আবুল কায়েস রিপন বলেন, ব্যবসায়ীদের মধ্যে চাঁদাবাজি নিয়ে দীর্ঘদিনের উদ্বেগ আছে। মন্ত্রীর এ উদ্যোগ কার্যকর হলে বাজার ও ব্যবসা-বাণিজ্যে ইতিবাচক প্রভাব পড়বে। আমরা চাই, অভিযোগের পর দ্রুত ব্যবস্থা নেওয়া হোক।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবার অংশ নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন শিল্পোদ্যোক্তা ও বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু।