প্র্রতিনিধি
প্রকাশ: ২৩:১৮, ১৩ জুলাই ২০২৬
ছবি :সংগৃহীত
নীলফামারীতে তিস্তা নদীর পানি আবারও বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। উজানের ঢলে পানি বৃদ্ধি পেয়ে ডালিয়া পয়েন্টে দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারেজে পানি বিপৎসীমার তিন সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
তিস্তা ব্যারাজ পয়েন্টে আজ সোমবার (১৩ জুলাই) সন্ধ্যা ৬টায় পানির উচ্চতা রেকর্ড করা হয় ৫২ দশমিক ১৮ সেন্টিমিটার, যেখানে বিপৎসীমা নির্ধারিত ৫২ দশমিক ১৫ সেন্টিমিটার। অর্থাৎ বিপৎসীমার ৩ সেন্টিমিটার ওপরে প্রবাহিত হচ্ছে নদীর পানি। এর আগে বিকেল ৩টায় পানি বিপৎসীমার ৫ সেন্টিমিটার নিচে ছিল। এতে নিম্নাঞ্চলে বসবাসকারী মানুষের বাড়িতে পানি ঢুকে পড়েছে।
পানি বৃদ্ধি পাওয়ায় ডিমলা ও জলঢাকা উপজেলার নিম্নাঞ্চলে পানি প্রবেশ করতে শুরু করেছে। এতে পূর্ব ছাতনাই, খগাখড়িবাড়ী, টেপাখড়িবাড়ী, খালিসা চাপানী, ঝুনাগাছ চাপানী, গয়াবাড়ী, গোলমুণ্ডা, ডাউয়াবাড়ী ও শৌলমারী ইউনিয়নের নিচু এলাকাগুলো প্লাবিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
স্থানীয় জনপ্রতিনিধিরা জানিয়েছেন, পরিস্থিতি নজরদারিতে রাখা হয়েছে এবং নদীপারের মানুষকে সতর্ক থাকতে বলা হয়েছে।
ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী জানান, পানি বৃদ্ধি নিয়ন্ত্রণে ব্যারাজের ৪৪টি গেট খুলে দেওয়া হয়েছে, যাতে অতিরিক্ত চাপ কমানো যায়। নদীর তীরবর্তী এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।