ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ২২:০৬, ১১ জুলাই ২০২৬
ঢাকার মার্কিন দূতাবাস I ছবি :সংগৃহীত
বাংলাদেশি নাগরিকদের জন্য অভিবাসী (ইমিগ্র্যান্ট) ভিসা স্থগিত করার কারণ ব্যাখ্যা করেছে ঢাকা কার্যালয়ের মার্কিন দূতাবাস।
তারা জানিয়েছে, বাংলাদেশি নাগরিকদের মধ্যে যুক্তরাষ্ট্রের সরকারি কল্যাণমূলক সুবিধা ব্যবহারের উচ্চ হারের কারণেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। চলতি বছরের ২১ জানুয়ারি থেকে এই স্থগিতাদেশ কার্যকর রয়েছে।
শনিবার (১১ জুলাই) ঢাকার মার্কিন দূতাবাসের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্রের করদাতাদের প্রতি তাদের একটি বড় দায়িত্ব রয়েছে। অভিবাসীরা যাতে নিয়মবহির্ভূতভাবে সরকারি কল্যাণমূলক সুবিধা গ্রহণ না করেন কিংবা দেশটির ওপর বাড়তি আর্থিক বোঝা হয়ে না দাঁড়ান, তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ।
দূতাবাস আরও জানায়, এই সাময়িক স্থগিতাদেশের ফলে মার্কিন প্রশাসন তাদের বর্তমান যাচাই-বাছাই নীতিমালা ও প্রক্রিয়াগুলো পূর্ণাঙ্গভাবে পর্যালোচনা করার সুযোগ পাবে, যা যুক্তরাষ্ট্রের নাগরিকদের স্বার্থকে অগ্রাধিকার দিতে সাহায্য করবে।
তবে এই সিদ্ধান্ত কেবল অভিবাসী ভিসার ক্ষেত্রে প্রযোজ্য হবে বলে স্পষ্ট করেছে দূতাবাস। অনভিবাসী (নন-ইমিগ্র্যান্ট) ভিসা, যেমন: পর্যটক (টুরিস্ট) বা শিক্ষার্থীদের (স্টুডেন্ট) ভিসার ক্ষেত্রে এই স্থগিতাদেশের কোনো প্রভাব পড়বে না।