বিনোদন ডেস্ক
প্রকাশ: ২৩:৫৬, ১৬ জুলাই ২০২৬
অভিনেত্রী তানজিন তিশা। ছবি: সংগৃহীত
ফুটবল উন্মাদনায় যখন মেতে উঠেছেন শোবিজ অঙ্গনের তারকারা তখন ব্যতিক্রমী এক মন্তব্য করে আলোচনায় জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। তিনি মনে করেন, ফুটবল দলের জয়-পরাজয়ের ওপর বিয়ের মতো জীবনের বড় কোনো সিদ্ধান্ত নির্ভর করা অপ্রাসঙ্গিক ও সম্পর্কহীন।
পারিবারিক কারণে ছোটবেলা থেকেই আর্জেন্টিনা দলের একনিষ্ঠ সমর্থক তানজিন তিশা। তবে প্রিয় দলের জয়ের সাথে নিজের ব্যক্তিগত জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বিয়েকে মেলাতে নারাজ তিনি। তার মতে, ফুটবল দলের জয়-পরাজয়ের ওপর তার বিয়ের মতো জীবনের বড় কোনো সিদ্ধান্ত নির্ভর করে না।
প্রিয় দল চ্যাম্পিয়ন হলে সামাজিক যোগাযোগ মাধ্যমে সাধারণ মানুষ থেকে শুরু করে শোবিজ দুনিয়ার অনেকেই নানান চমকপ্রদ ঘোষণা দিচ্ছেন। তাই অভিনেত্রীর কাছে জানতে চাওয়া হয় এবারের বিশ্বকাপে যদি আর্জেন্টিনা জিতে, তাহলে কি তিনি বিয়ে করবেন?
এমন প্রশ্নের উত্তরে বিস্ময় প্রকাশ করে তিশা পাল্টা প্রশ্ন ছুঁড়ে দিয়ে বলেন,আর্জেন্টিনার সঙ্গে বিয়ের কী সম্পর্ক।
এরপর তিশা বলেন,আমি অজস্রবার বলেছি আমার বাবা আর্জেন্টিনা ছিল তাই আমি আর্জেন্টিনা। খেয়াল করে দেখবেন, আর্জেন্টিনা হলেও সে দেশের জার্সি পরে আমি কোনো ছবি ফেসবুকে দেয়নি। সেখানে প্রিয় দলের জয়ের সাথে নিজের ব্যক্তিগত জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া পুরোপুরি সম্পর্কহীন। তাছাড়া আমার বিয়ে প্রিয় দলের জয়-পরাজয়ের ওপর নির্ভর করে না।
প্রসঙ্গত, সদ্যই সেমিফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনাল ম্যাচের টিকিট নিশ্চিত করেছে আর্জেন্টিনা। এ খুশিতে চিত্রনায়িকা পরীমণি সামাজিক যোগাযোগ মাধ্যমে আবারও বিয়ে করার ঘোষণা দিয়ে লিখেছেন, ‘আর্জেন্টিনা কাপ জিতলে আরেকটা বিয়ে করব।’ এরপর থেকেই প্রিয় দলের জয়ের সঙ্গে বিয়ের বিষয়টি চর্চায় রয়েছে নেটদুনিয়ায়।