বিনোদন ডেস্ক
প্রকাশ: ২০:৩৫, ২৩ জুন ২০২৬
তারকাদের ফেসবুক পেজ থেকে সংগৃহীত ছবি
লিওনেল মেসি আবার ইতিহাস গড়লেন। অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার ২-০ গোলের জয়ে পুরো ম্যাচের নায়ক ছিলেন এই তারকা। দলের হয়ে দুটি গোলই করলেন তিনি। বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা এখন মেসি। আর তার এই দুর্দান্ত পারফরম্যান্সে উচ্ছ্বাসে ভেসেছেন দেশের শোবিজ অঙ্গনের তারকারাও।
ম্যাচজুড়ে আর্জেন্টিনার খেলায় স্পষ্ট ছিল মেসির প্রভাব। দলের বাকি খেলোয়াড়রা গোলের দেখা না পেলেও মেসির জোড়া গোলেই এসেছে গুরুত্বপূর্ণ জয়। আর এই ‘মেসি ম্যাজিক’ নিয়েই সামাজিক যোগাযোগমাধ্যমে উল্লাসে মেতেছেন তারকারা।
সংগীতশিল্পী দিলশাদ নাহার কনা আর্জেন্টিনার জার্সি গায়ে লিখেছেন, ইয়েস, আর্জেন্টিনা ভামোস। ছবির ব্যাকগ্রাউন্ডে টেলিভিশনের পর্দায় লিওনেল মেসিকে মাঠে দেখা যাচ্ছিল।
অভিনেত্রী মেহজাবীন চৌধুরী তার পোস্টে মেসির অর্জন তুলে ধরে তাকে বিশ্বকাপ ইতিহাসের অন্যতম সেরা গোলদাতা হিসেবে উল্লেখ করেছেন।
এদিকে ব্রাজিল সমর্থক অভিনেতা শরিফুল রাজও মেসির প্রশংসা করতে ভুলেননি। মাঠে থাকা মেসির একটি ছবি শেয়ার করে লিখেছেন, ১৮ গোল নিয়ে লিওনেল মেসি এখন বিশ্বকাপের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা, যা পুরোপুরি জাদুকরী একটি বিষয়।
নির্মাতা কাজল আরেফিন অমি মেসির জনপ্রিয়তার কথা উল্লেখ করে লিখেছেন, ‘দল যার যার, কিন্তু মেসি সবার।’
ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা খায়রুল বাসার আর্জেন্টিনার জার্সি পরে একটি ছবি পোস্ট করে লিখেছেন, ইতিহাসের সকল রেকর্ড ভেঙে বিশ্বকাপ ইতিহাসের সবোর্চ্চ গোলদাতা এখন মেসি...। ভামোস আর্জেন্টিনা...।
এ ছাড়াও চিত্রনায়িকা পূর্ণিমা আর্জেন্টিনার জার্সি পরে কেক কাটার ছবি শেয়ার করে জানিয়েছেন, মেসির প্রতি ভালোবাসাই তাকে এখানে এনেছে এবং আর্জেন্টিনা তাকে আটকে রেখেছে।
অভিনেত্রী কেয়া পায়েলও আর্জেন্টিনার জার্সি পরা নিজের একটি ছবি দিয়ে ভক্তদের কাছে জানতে চেয়েছেন, আর্জেন্টিনার ফ্যানদের কেমন লাগছে।
সংগীতশিল্পী ইমরান মাহমুদুল আর্জেন্টিনাকে অভিনন্দন জানিয়ে মেসিকে অসাধারণ বা ‘আউটস্ট্যান্ডিং’ বলেছেন। আরেক সংগীতশিল্পী তাসরিফ খান সতীর্থের সঙ্গে মেসির হাসিমুখের একটি ছবি পোস্ট করে লিখেছেন, কথায় না কাজে! ৩ বার পড়ো মেসি, মেসি, মেসি!