বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৯:০৫, ৬ মার্চ ২০২৬
ছবি :সংগৃহীত
তামিল তারকা বিজয় ও তার স্ত্রী সঙ্গীতা সোরনালিঙ্গমের দীর্ঘ ২৬ বছরের সংসারে ভাঙনের সুর শোনা যাচ্ছে। ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এরই মধ্যে অভিনেত্রী তৃষা কৃষ্ণানের সঙ্গে বিজয়ের একসঙ্গে দেখা যাওয়ায় নতুন করে আলোচনা শুরু হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি চেন্নাইয়ে এক প্রযোজকের ছেলের বিয়ের অনুষ্ঠানে বিজয় ও তৃষাকে একই গাড়িতে করে আসতে এবং একসঙ্গে অনুষ্ঠানে প্রবেশ করতে দেখা যায়। গত ডিসেম্বর মাসে সঙ্গীতা আদালতে বিবাহবিচ্ছেদের আবেদন করার পর এই প্রথম জনসমক্ষে বিজয় ও তৃষাকে একসঙ্গে দেখা গেল।
এনডিটিভি জানায়, তামিলনাড়ুর একটি পারিবারিক আদালতে বিবাহবিচ্ছেদের আবেদন করেছেন সঙ্গীতা সোরনালিঙ্গম। আগামী ২০ এপ্রিল এ বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে। আবেদনে তিনি বিজয়ের বিরুদ্ধে মানসিক নির্যাতন, অবহেলা এবং অন্য এক অভিনেত্রীর সঙ্গে সম্পর্কের অভিযোগ তুলেছেন।
বিজয় ও তৃষা কৃষ্ণান তামিল পর্দার পরিচিত জুটি। দীর্ঘ ১৫ বছর পর ‘লিও’ নামের কাজে একসঙ্গে দেখা যাওয়ার পর থেকেই তাদের পর্দার বাইরের সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন শুরু হয়।
১৯৯৯ সালে নিজের এক ভক্ত সঙ্গীতাকে বিয়ে করেন বিজয়। তাদের সংসারে দুই সন্তান রয়েছে। গত দুই বছর ধরে বিজয়ের কোনো কাজ বা রাজনৈতিক কর্মসূচিতে সঙ্গীতাকে দেখা না যাওয়ায় বিচ্ছেদের গুঞ্জন আরও জোরালো হয়ে ওঠে।