বিনোদন ডেস্ক
প্রকাশ: ০০:৩৬, ২০ ফেব্রুয়ারি ২০২৬
টালিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী। ছবি: সংগৃহীত
২০ লাখ টাকা ক্ষতিপূরণ দাবি করে টালিউড অভিনেত্রী মিমি চক্রবর্তীর বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করা হয়েছে। মামলা দায়ের করেছেন জ্যোতিষী তনয় শাস্ত্রী। জ্যোতিষীর মামলা দায়েরের পর তার বিরুদ্ধে পাল্টা মামলা দায়ের করেছেন অভিনেত্রী মিমি।
ভারতীয় সংবাদমাধ্যম এবিপি লাইভের প্রতিবেদন থেকে জানা যায়, গ্রেফতার হয়ে ১৩ দিন জেল খেটে জামিনে মুক্তি পাওয়ার পর গত ১৮ ফেব্রুয়ারি মিমির বিরুদ্ধে মানহানির মামলা ঠুকেন জ্যোতিষী। ক্ষতিপূরণ দাবি করেন ২০ লাখ টাকা।
এ খবর মিমির কানে পৌঁছাতেই আজ বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) জ্যোতিষীর বিরুদ্ধে পাল্টা মামলা করেন অভিনেত্রী। ক্ষতিপূরণ দাবি করেন ২ কোটি টাকা।
এখানেই শেষ নয়, জানা গেছে মিমি শর্ত দিয়েছেন, তার বিরুদ্ধে দায়ের করা মামলা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে তুলে নিতে হবে। পাশাপাশি মিমিকে হেনস্থা করার জন্য প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে তনয় শাস্ত্রীকে।
গত ২৫ জানুয়ারি বনগাঁয়ে একটি অনুষ্ঠানে অংশ নেন মিমি। আয়োজন শুরুর কিছুক্ষণের মধ্যে সেখানে তনয় শাস্ত্রী হঠাৎই অনুষ্ঠান বন্ধ করতে চাপ দেন অভিনেত্রীকে। চাপে বাধ্য হয়ে কথা না বাড়িয়ে উপস্থিত দর্শক-শ্রোতাদের শুভরাত্রি জানিয়ে মঞ্চ ছাড়েন মিমি। এমন হেনস্তার পর নায়িকা থানায় অভিযোগ করলে জ্যোতিষী তনয় শাস্ত্রীকে গ্রেফতার করে পুলিশ।