ঢাকা, শনিবার, ২১ মার্চ ২০২৬

৭ চৈত্র ১৪৩২, ০২ শাওয়াল ১৪৪৭

‘আল্লাহর ইচ্ছায় ও মানুষের দোয়ায় আমি দেশে ঈদ পালন করতে সক্ষম হয়েছি

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৮:১৬, ২১ মার্চ ২০২৬

‘আল্লাহর ইচ্ছায় ও মানুষের দোয়ায় আমি দেশে ঈদ পালন করতে সক্ষম হয়েছি

ছবি :সংগৃহীত

দীর্ঘ ১৯ বছর পর দেশের মাটিতে ঈদ উদযাপনের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বহু বছর পর আল্লাহ রাব্বুল আল-আমিনের ইচ্ছায়, বাংলাদেশের মানুষের দোয়ায় আমি ও আমার পরিবার দেশের মাটিতে, দেশের মানুষের সঙ্গে ঈদ পালন করতে সক্ষম হয়েছি। এর জন্য প্রথমেই আমি আল্লাহ রাব্বুল আল-আমিনের দরবারে শুকরিয়া আদায় করছি।

শনিবার (২১ মার্চ) পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন যমুনায় সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এই কথা বলেন।

এ সময় সবার সহযোগিতা ও দোয়ায় প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। 

 দেশ গড়ার অঙ্গীকার ব্যক্ত করে প্রধানমন্ত্রী বলেন, জনগণ যে দেশ দেখতে চায়, সরকার সেই দেশ গড়তে কাজ করবে। প্রত্যাশিত দেশ গড়তে দল-মতনির্বিশেষে ঐক্যবদ্ধভাবে সবার সহযোগিতা কামনা করছি। এই ঈদে আল্লাহ রাব্বুল আল-আমিনের কাছে আমরা রহমত চাই, যেন আল্লাহ আমাদের সেই রহমত দেন, যাতে করে আমরা দেশের মানুষের প্রত্যাশিত সেই বাংলাদেশকে ধীরে ধীরে গড়ে তুলতে পারি।

 এ সময় একাত্তরের শহিদ ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাসহ চব্বিশের গণঅভ্যুত্থানে শহিদ ও আহতদের স্মরণ করে সকল শহিদদের আত্মার মাগফিরাত কামনা করেন প্রধানমন্ত্রী।

 শেষে দেশবাসীর সার্বিক কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে সবাইকে ঈদের শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী।

আরও পড়ুন