ঢাকা, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬

২৯ ফাল্গুন ১৪৩২, ২৪ রমজান ১৪৪৭

মির্জা আব্বাসকে দেখতে এভারকেয়ারে প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৯:০৭, ১৩ মার্চ ২০২৬

মির্জা আব্বাসকে দেখতে এভারকেয়ারে প্রধানমন্ত্রী

ছবি :সংগৃহীত

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শুক্রবার (১৩ মার্চ) দুপুর ২টা ২০ মিনিটের দিকে তিনি এভারকেয়ার হাসপাতালে পৌঁছান। এ সময় প্রধানমন্ত্রী মির্জা আব্বাসের শয্যাপাশে কিছুক্ষণ অবস্থান করেন ও সার্বিক খোঁজখবর নেন। তিনি সিঙ্গাপুরে তাঁর চিকিৎসার জন্য দ্রুত ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন।

শুক্রবার সকালে বিএনপির পক্ষ থেকে জানানো হয়, উন্নত চিকিৎসার জন্য সন্ধ্যা ৬টায় মির্জা আব্বাসকে সিঙ্গাপুরের উদ্দেশে যাত্রা করবে এয়ার অ্যাম্বুলেন্স। সেখানে সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালের নিউরো সায়েন্স বিভাগে তাকে ভর্তি করানো হবে।

অবশ্য বিকেলের দিকে বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম জানান, বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে গঠিত মেডিকেল বোর্ড সবকিছু পর্যালোচনা করে মির্জা আব্বাসের মস্তিস্কে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নিয়েছেন। বিকেল ৩টা ১০ মিনিটে উনাকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়েছে।

এর আগে সকালে তার সিটিস্ক্যান করা হয়েছিল। সেই রিপোর্টে অবস্থার অবনতি হলে দ্রুত একটি ভার্চ্যুয়াল মেডিকেল বোর্ড বসে এবং সবকিছু দেখে এই অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেয়।

মেডিকেল বোর্ডে দেশের প্রখ্যাত নিউরো বিশেষজ্ঞরা রয়েছেন বলে জানান ডা. রফিক। বোর্ডে রয়েছেন অধ্যাপক আলী উজ্জামান জোয়ার্দার, অধ্যাপক কাজী দ্বীন মোহাম্মদ, অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার, অধ্যাপক রাজিউল হক, সৈয়দ অধ্যাপক সাঈদ আহমেদ, অধ্যাপক কাদের শেখ, অধ্যাপক শফিকুল ইসলামসহ এভার কেয়ার হাসপাতালের চিকিৎসকরা।

এর আগে বুধবার (১১ মার্চ) ইফতারে পানি পান করার সময় হঠাৎ করেই তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। অবস্থার উন্নতি না হলে গভীর রাতে তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয় সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে হারিয়ে এমপি নির্বাচিত হন মির্জা আব্বাস।

তার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন মির্জা আব্বাসের সহধর্মিণী ও জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন