বিনোদন ডেস্ক
প্রকাশ: ২৩:৩৯, ৮ জুলাই ২০২৬
অভিনেত্রী ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার সুস্মিতা রায়। ছবি: সংগৃহীত
সাত বছরের অপেক্ষা, অসংখ্য বাধা আর না পাওয়ার দীর্ঘ যন্ত্রণা। অবশেষে পূরণ হলো সেই স্বপ্ন। মা হয়েছেন টালিউডের পরিচিত অভিনেত্রী ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার সুস্মিতা রায়।
সামাজিক মাধ্যমে নবজাতকের ছোট্ট হাতের একটি ছবি প্রকাশ করে সুখবরটি জানান সুস্মিতা। ছবির সঙ্গে আবেগঘন এক বার্তায় জানিয়েছেন, ২০১৯ সালের ১৯ মার্চ যে স্বপ্ন থেমে গিয়েছিল, তা আজ নতুন করে শুরু হলো।
ভ্লগিংয়ের মাধ্যমে দর্শকদের কাছে ব্যাপক জনপ্রিয় হয়ে ওঠেন সুস্মিতা। তবে চলতি বছরের শুরুতেই প্রাক্তন স্বামী সব্যসাচী চক্রবর্তীর সঙ্গে বিচ্ছেদকে ঘিরে সামাজিক মাধ্যমে জড়িয়ে পড়েন বিতর্কে। পাল্টাপাল্টি অভিযোগে সরব ছিলেন দু'জনই। সে সময় সব্যসাচী দাবি করেছিলেন, সুস্মিতা পাঁচবার বিয়ে করেছেন। যদিও সুস্মিতা জানান, তিনি চারবার বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন।
এর আগে সুস্মিতা দাবি করেছিলেন, আগের সংসার ভাঙার অন্যতম কারণ ছিল তার মা হওয়ার ইচ্ছা। ২০১৮ সালে অন্তঃসত্ত্বা হলেও নানা প্রতিকূলতার কারণে সেই সন্তানকে পৃথিবীর আলো দেখাতে পারেননি তিনি। সেই না-পাওয়ার বেদনাই দীর্ঘদিন তাড়া করে ফিরেছে তাকে।
এরপর চলতি বছরের ১৭ মার্চ ব্যবসায়ী শুভাশিষ দে'র সঙ্গে নতুন জীবনের সূচনার খবর জানান সুস্মিতা। বিয়ের কয়েক মাসের মধ্যেই দিলেন সবচেয়ে বড় সুখবর।