ঢাকা, বুধবার, ০১ জুলাই ২০২৬

১৬ আষাঢ় ১৪৩৩, ১৪ মুহররম ১৪৪৮

ব্রাজিলের জয়ে মাতলেন তারকারা, হিমির পোস্টে বাড়তি চমক

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২১:১৫, ৩০ জুন ২০২৬

ব্রাজিলের জয়ে মাতলেন তারকারা, হিমির পোস্টে বাড়তি চমক

ছবি :  তারকাদের ফেসবুক থেকে সংগৃহীত

বিশ্বকাপ ফুটবলে সেলেসাওদের দুর্দান্ত জয় ঘিরে বাংলাদেশে তৈরি হয়েছে উৎসবের আমেজ। সাধারণ দর্শকদের পাশাপাশি দেশের শোবিজ অঙ্গনের তারকারাও মেতেছেন এই উন্মাদনায়। জার্সি গায়ে, পতাকা হাতে কিংবা মজার ক্যাপশনে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের উদযাপনের মুহূর্ত ভাগ করে নিয়েছেন দেশের জনপ্রিয় অভিনেতা, অভিনেত্রী ও সংগীতশিল্পীরা। ব্রাজিলের জয়ে তাদের এমন উচ্ছ্বাসই এখন ভক্তদের আলোচনার কেন্দ্রে।

ফুটবল উন্মাদনায় শামিল হয়ে অভিনয়শিল্পী ফারিন খান সরাসরি রাস্তায় নেমে সাধারণ মানুষের সঙ্গে উদযাপন করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পেজে একটি ভিডিও পোস্ট করেছেন এই অভিনেত্রী। ভিডিওতে দেখা যায়, হাতে সবুজ-হলুদ রঙের ভুবুজেলা নিয়ে মুখে ফুঁ দিচ্ছেন অভিনেত্রী। ছবির ব্যাকগ্রাউন্ডে বড় পর্দায় খেলা দেখার আয়োজন ও সাধারণ মানুষের ভিড় স্পষ্ট। পোস্টে তিনি বেশ কয়েকটি ব্রাজিলের পতাকা দিয়ে ক্যাপশনে লিখেছেন, ‘Only BRBRBRBRBR খেলা হবে।’

ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা ও নির্মাতা জিয়াউল হক পলাশ ব্রাজিলের প্রতি তার ভালোবাসা প্রকাশ করেছেন একটু ভিন্নভাবে। পলাশ ব্রাজিলের ঐতিহ্যবাহী হলুদ জার্সির বদলে দলটির বিকল্প ডার্ক ব্লু (গাঢ় নীল) রঙের জার্সি পরে একটি হাস্যোজ্জ্বল সেলফি পোস্ট করেছেন। ক্যাপশনে শুধু ব্রাজিলের পতাকা ও লাভ ইমোজি দিয়ে নিজের আনন্দ প্রকাশ করেছেন এই তারকা।

চিত্রনায়ক শরিফুল রাজের উদযাপন ছিল বেশ নান্দনিক। তাকে একটি বহুতল ভবনের ছাদে দাঁড়িয়ে ব্রাজিলের বিশাল এক পতাকা ওড়াতে দেখা গেছে। যদিও ছবিটা কিছুদিন আগেও প্রকাশ করেছিলেন অভিনেতা। ছবিতে দেখা যায়, তার গায়ে জড়িয়েছেন ব্রাজিলের হলুদ জার্সি, এক হাতে ধরেছেন ফুটবল। পেছনে উড়ছে ব্রাজিলের পতাকা।

অভিনেতা আব্দুন নূর সজল ব্রাজিলের জার্সি পরে ফেসবুকে একটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘এই তো আমার ব্রাজিল! লড়াই, সৌন্দর্য আর জয়—সব একসঙ্গে। জাপানের বিপক্ষে ২–১ গোলের অসাধারণ জয়।
অভিনন্দন ব্রাজিল।’

অভিনেত্রী পারসা ইভানা নিজের ফেসবুক ওয়ালে ব্রাজিলের হলুদ জার্সি পরে একটি মিষ্টি সেলফি শেয়ার করেছেন। ছবিতে দেখা যায়, ইভানা এক চোখ বন্ধ করে এবং কিছুটা জিহ্বা বের করে বেশ চনমনে এক পোজ দিয়েছেন। ছবির ক্যাপশনে লিখেছেন, ‘লাভ ইউ ব্রাজিল।’

ব্রাজিলের জয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ঢালিউড তারকা অপু বিশ্বাসও। সেলেসাওদের জয়ের পর নিজের ফেসবুক স্টোরিতে ব্রাজিলের গাঢ় নীল জার্সি ও জিন্স পরা একটি হাস্যোজ্জ্বল ছবি শেয়ার করেন তিনি। ছবিতে দুই আঙুলে ‘ভিক্টরি’ চিহ্ন দেখিয়ে উল্লাস প্রকাশ করতে দেখা যায় এই নায়িকাকে।

জনপ্রিয় কণ্ঠশিল্পী কোনালও ম্যাচ চলাকালিনই ব্রাজিলের প্রতি নিজের ভালোবাসা প্রকাশ করেন। একটি ক্লোজ-আপ সেলফিতে দেখা যায়, তিনি ব্রাজিলের ক্লাসিক হলুদ জার্সি পরে হাসিমুখে ক্যামেরার দিকে তাকিয়ে দুই আঙুলে ‘ভিক্টরি’ চিহ্ন দেখাচ্ছেন। ক্যাপশনে এই কণ্ঠশিল্পী লেখেন, ‘খেলা জিতুক আর নাই জিতুক, মন জিতে নিক ব্রাজিল আজ। 

এদিকে জনপ্রিয় উপস্থাপিকা ও অভিনেত্রী মৌসুমী মৌ যেন পোশাকেও নিয়ে এসেছেন ব্রাজিলের আমেজ। তাকে ব্রাজিলের পতাকার রঙে তৈরি সবুজ ও হলুদ কম্বিনেশনের নেট নিটেড সোয়েটার পরা অবস্থায় দেখা যাচ্ছে, যার বুকে বড় করে ‘BRASIL’ লেখা। হাস্যোজ্জ্বল মুখে সেলফি ভিডিওর স্ক্রিনশটে তিনি ক্যাপশনে লিখেছেন পর্তুগিজ ভাষায় ‘Sempre Brasil!’, যার অর্থ সবসময়ই ব্রাজিল!

তবে সবচেয়ে বেশি আলোচনায় এসেছে ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমির পোস্ট। এক ফ্রেমে ব্রাজিল ও আর্জেন্টিনার চিরন্তন ফুটবল দ্বৈরথকে তুলে ধরেছেন তিনি। নিজের গায়ে ব্রাজিলের জার্সি, আর পাশে আর্জেন্টিনার জার্সিতে অভিনেতা নিলয় আলমগীর। সেই ছবির ক্যাপশনে মজার ছলে লিখেছেন, ‘ওস্তাদের মার শেষ রাতে।’ ক্যাপশনে জাপানের সাপোর্ট করা আর্জেন্টিনা ভক্তদের খোঁচা দিয়ে তাদের ‘জাপানটিনা’ বলেও অভিহিত করেন।

প্রসঙ্গত, ২৯ জুন (সোমবার) দিবাগত রাতে  ফুটবল বিশ্বকাপের রাউন্ড অফ ৩২-এ যুক্তরাষ্ট্রের হিউস্টন স্টেডিয়ামে জাপানিদের ২-১ গোলে হারিয়ে জয় পায় পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল

 

আরও পড়ুন