ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ২০:২১, ৩০ জুন ২০২৬
ফাইল ছবি
বার্ষিক সমাপনী মজুত গণনা, সম্পদ মূল্যায়ন ও বাস্তব যাচাই কার্যক্রমের জন্য আগামীকাল বুধবার (১ জুলাই) সারা দেশের সব তেল ডিপো ও প্রধান স্থাপনা থেকে জ্বালানি তেল সরবরাহ ও বিপণন বন্ধ থাকবে।
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) পক্ষ থেকে এক অফিস আদেশের মাধ্যমে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।
বিপিসির বণ্টন ও পরিবীক্ষণ অধিশাখার মহাব্যবস্থাপক ফেরদৌসী মাসুম হিমেল স্বাক্ষরিত আদেশে জানানো হয়েছে, চট্টগ্রামস্থ প্রধান স্থাপনা থেকে শুরু করে দেশের সব অঞ্চলের ডিপো এবং স্থাপনার বিপণন কার্যক্রম এদিন স্থগিত থাকবে। যমুনা অয়েল, পদ্মা অয়েল, মেঘনা পেট্রোলিয়াম ও ইস্টার্ন রিফাইনারিসহ সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের প্রধানদের কাছে ইতোমধ্যে এই আদেশের অনুলিপি পাঠানো হয়েছে।
তবে বিমান চলাচলের বিষয়টি বিবেচনা করে জরুরি ভিত্তিতে জ্বালানি সরবরাহ সচল রাখার বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে।
আদেশে বলা হয়েছে, দেশি ও বিদেশি এয়ারলাইন্সগুলোতে নিরবচ্ছিন্নভাবে জেট-এ১ (জ্বালানি তেল) সরবরাহ অব্যাহত রাখার জন্য সংশ্লিষ্ট ডিপোর বার্ষিক যাচাই কার্যক্রম দ্রুততম সময়ের মধ্যে শেষ করে সরবরাহ সচল রাখতে হবে।