ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ২১:০২, ২৭ জুন ২০২৬
লোগো
মোটরযান চালকদের ড্রাইভিং লাইসেন্সের পয়েন্ট কর্তন শুরু করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।শুক্রবার (২৬ জুন) এক জরুরি বিজ্ঞপ্তিতে সংস্থাটি চালকদের বিদ্যমান আইন ও বিধিমালা কঠোরভাবে মেনে গাড়ি চালানোর আহ্বান জানিয়েছে।
বিআরটিএ জানায়, সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ধারা-১১ (১) অনুযায়ী প্রতিটি ড্রাইভিং লাইসেন্সের জন্য মোট ১২ পয়েন্ট বরাদ্দ থাকে। এই আইনে বিভিন্ন ধারা লংঘনের কারণে অর্থদণ্ড বা কারাদণ্ড বা উভয় দণ্ডের পাশাপাশি মোটরযান চালকের ক্ষেত্রে অতিরিক্ত হিসেবে দোষসূচক পয়েন্ট কর্তনের কথা উল্লেখ রয়েছে।
সড়ক পরিবহন আইন, ২০১৮-এর আওতায় বর্তমানে ‘রোড সেফটি পেনাল্টি সিস্টেম’ (আরএসপিএস) অ্যাপের মাধ্যমে কোনো চালক অপরাধ করলে স্বয়ংক্রিয়ভাবে এই পয়েন্ট কাটা হচ্ছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। এ অবস্থায় মোটরযান চালকদের বিদ্যমান আইন ও বিধিমালা যথারীতি অনুসরণ করে মোটরযান চালনার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।