আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৩:৫৫, ৩১ জানুয়ারি ২০২৬
আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্বশর্মা। ছবি: সংগৃহীত
আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্বশর্মার ফের বিতর্কিত মন্তব্যে তোলপাড় ভারতের রাজনীতি। দুদিন আগে রাজ্যটির এক সরকারি অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি অনুপ্রবেশকারীদের আসামে নয়, বাংলাদেশে গিয়ে ভোট দেয়ার আহ্বান জানান। বিজেপি-শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীর এই মন্তব্য ঘিরে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে আসামের কংগ্রেস নেতৃত্ব।
শুক্রবার (৩০ জানুয়ারি) ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে পাশে বসিয়ে আসামে অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কড়া ভাষায় আক্রমণ করেছেন মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্বশর্মা। অবৈধ অনুপ্রবেশকারীদের আসাম থেকে বিতাড়িত করার কথা পুনরাবৃত্তি করেন তিনি।
বিতর্কের সূত্রপাত ঘটে গত মঙ্গলবার (২৭ জানুয়ারি)। সেদিন রাজ্যের তিনসুকিয়ায় এক সরকারি অনুষ্ঠানের ফাঁকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ‘মিঞা সম্প্রদায়কে কষ্টে রাখাই তার কাজ বলে মন্তব্য করেন আসামের মুখ্যমন্ত্রী। দাবি করেন, ভোটার তালিকার ‘বিশেষ সংশোধন’ বা এসআইআর প্রক্রিয়ায় প্রায় ৪ থেকে ৫ লক্ষ ‘মিঞা’ ভোটারের নাম বাদ পড়তে পারে।
আসামের মুখ্যমন্ত্রী বলেন, মাথার ঘাম পায়ে ফেলে আমরা রাজ্যের নিরাপত্তা দিয়ে আসছি। এখানে অবৈধ বাংলাদেশির কোনো স্থান নেই। মিঞা সম্প্রদায় বাংলাদেশে গিয়ে ভোট দিক।
ওই বক্তব্যের জেরে সমালোচনার মুখে পড়েছেন হেমন্ত বিশ্বশর্মা। তার মন্তব্য ইসলামকে অপমান করার সামিল উল্লেখ করে মুখ্যমন্ত্রীর মন্তব্য প্রত্যাহারের অনুরোধ করেন অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট নেতা বদরুদ্দিন আজমল।
তবে নিজের অবস্থানে অনড় বিজেপি দলীয় মুখ্যমন্ত্রী। ভারতের সুপ্রিম কোর্ট-এর কিছু পুরনো পর্যবেক্ষণ উদ্ধৃত উল্লেখ করে এটা তার ব্যক্তিগত বক্তব্য নয়, আদালতের আগের উদ্বেগের প্রতিফলন বলে জানান তিনি।
ভারতীয় গণমাধ্যমের একাংশের দাবি, ‘মিঞা’ শব্দটি আসামে বসবাসরত বাংলাভাষী মুসলমানদের বোঝাতে ব্যবহৃত এক তিরস্কারমূলক শব্দ। এর আগেও বহুবার বাংলাদেশ ইস্যুতে বিতর্কিত মন্তব্য করেছেন হেমন্ত বিশ্বশর্মা।