টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ: ০১:২৩, ১০ ফেব্রুয়ারি ২০২৬
জোনাব আলী ও জিয়াউর রহমান I ফাইল ছবি
টাঙ্গাইল-৫ (সদর) আসনে বিএনপির বিদ্রোহী হরিণ প্রতীকের স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী আখেরী মিছিলে অসুস্থ হয়ে দুই জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে শহরের পৌরউদ্যান ও সাবালিয়া এলাকায় মিছিল চলাকালে এ ঘটনা ঘটে। পরে তাদের মরদেহ বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে।
নিহতরা হচ্ছেন- টাঙ্গাইল সদর উপজেলার ছিলিমপুর ইউনিয়নের চর পাকুল্লা দক্ষিণপাড়া গ্রামের জোনাব আলী ও একই উপজেলার ছোনাট গ্রামের জিয়াউর রহমান।
নিহতদের স্বজনরা জানায়, সোমবার সকাল সাড়ে ১১টায় শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে হরিণ প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ফরহাদ ইকবালের আখেরী মিছিল ও জনসভা চলছিল। তারা জনসভা ও মিছিলে যোগ দিয়ে উচ্চস্বরে শ্লোগান দিচ্ছিল। সেখানে প্রথমে জোনাব আলী অসুস্থ হয়ে পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করে জেনারেল হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। অপরদিকে একই মিছিল সাবালিয়া এলাকা অতিক্রমকালে জিয়াউর রহমান সেখানে অসুস্থ হয়ে পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করে জেনারেল হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। জিয়াউর রহমানের হার্টে সমস্যা ও ডায়াবেটিক ছিল।
হরিণ প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ফরহাদ ইকবাল জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল জানান, সোমবার তার গণমিছিল ছিল। সেখানে উপজেলার প্রত্যেক এলাকা থেকে লোকজন এসেছিলেন। মিছিল চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে তার দুই কর্মী মৃত্যুবরণ করেছেন। তাদের পরিবারের প্রতি তিনি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।