স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০০:০২, ২৮ জানুয়ারি ২০২৬
ফাইল ছবি
টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর মাত্র কয়েক দিন বাকি। সবকিছু ঠিক থাকলে ৭ ফেব্রুয়ারি ভারতে শুরু হবে বিশ্বকাপ। টুর্নামেন্টের দশদিন আগেও চলছে নাটকীয়তা।
নিরাপত্তা শঙ্কায় ভারতের পরিবর্তে শ্রীলংকায় খেলতে চাওয়ায়; বাংলাদেশ দলকে বিশ্বকাপ থেকে বাদ দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। বাংলাদেশ দলের পরিবর্তে স্কটল্যান্ডকে বেছে নিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রণ সংস্থা।
বাংলাদেশ দলকে বিশ্বকাপ থেকে বাদ দিয়ে দেওয়াকে ভালোভাবে নেয়নি পাকিস্তান। তারা বিশ্বকাপ বর্জনের চিন্তা-ভাবনা করছে। তবে শেষ পর্যন্ত পাকিস্তান যদি বিশ্বকাপ বয়কট করে বাংলাদেশ দলের বিশ্বকাপ ভাগ্য বদলে যেতে পারে।
বিশ্বকাপ ইস্যুতে ভারতীয় ক্রীড়া সাংবাদিক শারদা উগরা বলেছেন, ‘যদি ভারত বলত পাকিস্তান, শ্রীলংকা বা বাংলাদেশে খেলতে চাই না, আইসিসি ১০০% উদ্যোগ নিত অন্য ভেন্যুতে খেলার। হাইপোথেটিক্যাল প্রশ্নে আমি এই হাইপোথেটিক্যাল উত্তরই দিতে পারি (হাসি)।’
গত ডিসেম্বরে আইপিএল নিলামে ৯ কোটি ২০ লাখে মোস্তাফিজুর রহমানকে কিনে নেয় কলকাতা নাইট রাইডার্স। কিন্তু ভারতের উগ্র হিন্দুত্ববাদীদের হুমকির মুখে আইপিএল থেকে মোস্তাফিজকে বাদ দিয়ে দেয় ভারত। যে কারণে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ভারতে গিয়ে বিশ্বকাপ খেলতে অস্বীকৃতি জানায়।
শারদা আরও বলেন, ‘যখন বাংলাদেশি ক্রিকেটারকে বাদ দিলেন, পরে বিষয়টা সামাল দিতে পারলেন না। পুরো বিষয়ে ভারতীয় বোর্ডের প্রভাব আইসিসিতে ভারতের প্রভাব এবং বাকি বোর্ডগুলোয় তাদের প্রভাবের ফলেই সবকিছু হয়ে এই জায়গায় এসেছে এবং আইসিসিকে এই সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে। এখানে খুবই পরিষ্কারভাবে পার্থক্য গড়ে দেওয়া হয়েছে, বাংলাদেশ ভারতে আসতে চায়নি (আইসিসি তাদের বাদ দিয়ে দিয়েছে)।'
তিনি আরও বলেন, ‘অন্য যেকোনো খেলায় বিষয়টি নিরপেক্ষভাবে দেখা হত। তারা চাইত সবাইকে নিয়ে বিশ্বকাপ আয়োজন করতে।
এই জায়গায় তারা কেবল একটি দলকে বাদ দিয়ে দিল। এমন একটি দেশ যাদের প্রায় ২০ কোটির মত মানুষ রয়েছে এবং অনেক দর্শক রয়েছে।’