ঢাকা, শনিবার, ১৩ জুন ২০২৬

২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩, ২৬ জ্বিলহজ্জ ১৪৪৭

৯৬ বছর পর বিশ্বকাপে আবারো মুখোমুখি যুক্তরাষ্ট্র-প্যারাগুয়ে

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০০:২০, ১৩ জুন ২০২৬

৯৬ বছর পর বিশ্বকাপে আবারো মুখোমুখি যুক্তরাষ্ট্র-প্যারাগুয়ে

যুক্তরাষ্ট্র ও প্যারাগুয়ে ম্যাচের দৃশ্য। ছবি :সংগৃহীত

ঘরের মাঠে বিশ্বকাপ অভিযান শুরু করতে যাচ্ছে স্বাগতিক যুক্তরাষ্ট্র। ২০২৬ বিশ্বকাপের ‘ডি’ গ্রুপের প্রথম ম্যাচে শনিবার (১৩ জুন) বাংলাদেশ সময় সকাল ৭টায় লস অ্যাঞ্জেলেসের সোফি স্টেডিয়ামে দক্ষিণ আমেরিকার দল প্যারাগুয়ের মুখোমুখি হবে মৌরিসিও পোচেত্তিনোর শিষ্যরা।

একই গ্রুপে রয়েছে অস্ট্রেলিয়া ও তুরস্ক। তাই নকআউট পর্বের লড়াইয়ে এগিয়ে থাকতে প্রথম ম্যাচেই জয় তুলে নিতে মরিয়া থাকবে দুই দল।

বিশ্বকাপের ইতিহাসে যুক্তরাষ্ট্র ও প্যারাগুয়ের দেখা হয়েছিল মাত্র একবার। ১৯৩০ সালের প্রথম বিশ্বকাপে সেই ম্যাচে ৩-০ গোলের জয় পেয়েছিল মার্কিনরা। প্রায় এক শতাব্দী পর আবার বিশ্বকাপের মঞ্চে মুখোমুখি হচ্ছে দুই দল। সেই কারণে ম্যাচটি ঘিরে বাড়তি আগ্রহ তৈরি হয়েছে ফুটবলপ্রেমীদের মধ্যে।

তিন আয়োজক দেশের একটি যুক্তরাষ্ট্র এবার ঘরের মাঠের সুবিধা কাজে লাগিয়ে বড় কিছু করার স্বপ্ন দেখছে। যদিও সাম্প্রতিক পারফরম্যান্স খুব একটা স্বস্তিদায়ক নয়। শেষ চার ম্যাচের তিনটিতেই হেরেছে তারা। তবে বিশ্বকাপের আগে সেনেগালকে ৩-২ গোলে হারিয়ে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে পোচেত্তিনোর দল।

ফিফা র‌্যাঙ্কিংয়ের ১৬ নম্বরে থাকা যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় শক্তি তাদের গতিময় আক্রমণভাগ। ক্রিশ্চিয়ান পুলিসিচ, ফোলারিন বালোগুন, মালিক টিলম্যান, ওয়েস্টন ম্যাককেনি ও টাইলার অ্যাডামস যে কোনো মুহূর্তে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন।

রক্ষণভাগেও অভিজ্ঞতার কমতি নেই। টিম রিমের নেতৃত্বে তিন ডিফেন্ডার নিয়ে দল সাজাতে পারেন পোচেত্তিনো। তবে গোড়ালির চোট থেকে সদ্য ফেরা ক্রিস রিচার্ডসের খেলা এখনো নিশ্চিত নয়। তার পরিবর্তে মাইলস রবিনসন কিংবা মার্ক ম্যাকেঞ্জির একজনকে দেখা যেতে পারে শুরুর একাদশে।

অন্যদিকে, দীর্ঘ ১৬ বছর পর বিশ্বকাপের মূল পর্বে ফিরেছে প্যারাগুয়ে। গুস্তাভো আলফারোর অধীনে শৃঙ্খলাবদ্ধ ফুটবল খেলেই এই আসরের টিকিট নিশ্চিত করেছে দক্ষিণ আমেরিকার দলটি। বিশ্বকাপের আগে শেষ চার ম্যাচের তিনটিতে জয় পেয়েছে তারা। নিকারাগুয়ার বিপক্ষে ৪-০ গোলের বড় জয় এবং আর্জেন্টিনাকে হারানোর সাফল্য দলটির আত্মবিশ্বাস আরও বাড়িয়েছে।

প্যারাগুয়ের সবচেয়ে বড় শক্তি তাদের সংগঠিত রক্ষণভাগ। অধিনায়ক গুস্তাভো গোমেজ ও ওমর আলদেরেতের নেতৃত্বে গড়া ডিফেন্স সহজে ভাঙা কঠিন। মাঝমাঠে আন্দ্রেস কুবাস ও ববাদিয়া প্রতিপক্ষের আক্রমণ ঠেকানোর দায়িত্ব পালন করবেন। আর সামনে মিগেল আলমিরন, হুলিও এনসিসো ও টনি সানাব্রিয়ার ওপর থাকবে গোল করার দায়িত্ব। এনসিসো হালকা চোটে ভুগলেও প্রথম ম্যাচে তার খেলার সম্ভাবনাই বেশি।

পরিসংখ্যান অবশ্য প্যারাগুয়ের পক্ষে নয়। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আগের আটবারের মধ্যে মাত্র একবার জয়ের দেখা পেয়েছে তারা। অন্যদিকে, শেষ তিনটি বিশ্বকাপেই নকআউট পর্বে উঠেছে যুক্তরাষ্ট্র। প্রায় ৭০ হাজার দর্শকের সমর্থনও স্বাগতিকদের বাড়তি অনুপ্রেরণা জোগাবে।

সবমিলিয়ে লস অ্যাঞ্জেলেসে হতে যাচ্ছে দুই ভিন্ন ফুটবল দর্শনের লড়াই। একদিকে যুক্তরাষ্ট্রের দ্রুতগতির আক্রমণ ও ঘরের মাঠের সুবিধা। অন্যদিকে, প্যারাগুয়ের শৃঙ্খলাবদ্ধ রক্ষণ, সেট পিস এবং পাল্টা আক্রমণের কৌশল। বিশ্বকাপে শুভ সূচনা করতে দুই দলই নিজেদের সেরাটা উজাড় করে দেবে। তাই জমজমাট এক ম্যাচের অপেক্ষায় ফুটবলপ্রেমীরা।

দুই দলের শক্তিমত্তা

যুক্তরাষ্ট্র : ঘরের মাঠের সমর্থন, দ্রুতগতির আক্রমণভাগ, ক্রিশ্চিয়ান পুলিসিচ, ফোলারিন বালোগুন, ওয়েস্টন ম্যাককেনি ও টাইলার অ্যাডামস।

প্যারাগুয়ে : সংগঠিত রক্ষণ, সেট পিসে দক্ষতা, মিগেল আলমিরনের গতি, হুলিও এনসিসোর সৃজনশীলতা এবং টনি সানাব্রিয়ার গোল করার সামর্থ্য।

দুই দলের সম্ভাব্য একাদশ

যুক্তরাষ্ট্র : ম্যাট ফ্রিজ, ফ্রিম্যান, মাইলস রবিনসন, টিম রিম, সার্জিনো ডেস্ট, ওয়েস্টন ম্যাককেনি, টাইলার অ্যাডামস, অ্যান্টনি রবিনসন, ক্রিশ্চিয়ান পুলিসিচ, মালিক টিলম্যান, ফোলারিন বালোগুন।

প্যারাগুয়ে : গিল, কাসেরেস, গুস্তাভো গোমেজ, ওমর আলদেরেতে, জুনিয়র আলোনসো, ববাদিয়া, আন্দ্রেস কুবাস, দিয়েগো গোমেজ, হুলিও এনসিসো, মিগেল আলমিরন, টনি সানাব্রিয়া।

আরও পড়ুন