নওগাঁ প্রতিনিধি
প্রকাশ: ২৩:৩৭, ৫ জুলাই ২০২৬
ছবি:বাংলার চোখ
নওগাঁর রাণীনগরে চেক বিতরণ, চিকিৎসা সামগ্রী বিতরণ, আইপিএস সরববাহকরণ, যন্ত্রাংশ বিতরণ, খেলাধুলা সামগ্রী বিতরণসহ এক মঞ্চে সাতটি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রোববার উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন এসব অনুষ্ঠানের আয়োজন করে।
এদিন স্থানীয় সংসদ সদস্যের ঐচ্ছিক তহবিল হতে ১৫ জনের মাঝে অনুদানের চেক বিতরণ, ২২ জনের মাঝে জিআর নগদ অর্থ-চেক বিতরণ, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসসহ অধিনস্ত দপ্তরসমূহে চিকিৎসা সামগ্রী বিতরণ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আইপিএস সরবরাহকরণ, উপজেলা শিল্পকলা একাডেমিতে যন্ত্রাংশ বিতরণ, এতিমখানা ও শিশু সদনে চেক বিতরণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ফার্ষ্ট এইড বক্স ও খেলাধুলা সামগ্রী বিতরণ এবং দুইদিন ব্যাপী ব্লক বাটিক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়।
রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনের এমপি এসএম রেজাউল ইসলাম রেজু।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিলা ইয়াসমিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইফতেখারুল আলম খাঁন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. নজরুল ইসলাম, রাণীনগর থানার ওসি জাকারিয়া মন্ডল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোসারব হোসেন, যুগ্ন সম্পাদক নয়ন খাঁন লুলু, সাংগঠনিক সম্পাদক মেজবাউল হক লিটন প্রমুখ।