ঢাকা, সোমবার, ০৬ জুলাই ২০২৬

২১ আষাঢ় ১৪৩৩, ১৯ মুহররম ১৪৪৮

রাঙামাটিতে সাবেক জেলা পরিষদ চেয়ারম্যানসহ দুই নেতা গ্রেপ্তার

আলমগীর মানিক, রাঙামাটি

প্রকাশ: ২৩:৩৩, ৫ জুলাই ২০২৬

রাঙামাটিতে সাবেক জেলা পরিষদ চেয়ারম্যানসহ দুই নেতা গ্রেপ্তার

ছবি:বাংলার চোখ

রাঙামাটিতে সাবেক পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের নেতা বৃষকেতু চাকমা এবং বাঘাইছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন আল মামুনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (৫ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে রাঙামাটি শহরের কসমস হোটেল প্রাঙ্গণে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে কোতোয়ালি থানার একটি বিশেষ আভিযানিক দল।

বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, অপারেশন ‘ডেভিল হান্ট’-সংশ্লিষ্ট একটি মামলায় তাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান বৃষকেতু চাকমাসহ জেলা ও উপজেলা আওয়ামী লীগের একাধিক নেতা আত্মগোপনে ছিলেন। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর রোববার তারা রাঙামাটিতে এলে স্থানীয় সূত্রে পাওয়া গোপন সংবাদের ভিত্তিতে কসমস হোটেল এলাকায় অভিযান পরিচালনা করে পুলিশ।

অভিযানে বৃষকেতু চাকমা ও গিয়াস উদ্দিন আল মামুনকে আটক করা হয়। পরে তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়।

এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মামলার তদন্ত চলমান রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন