ঢাকা, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬

২২ আষাঢ় ১৪৩৩, ২০ মুহররম ১৪৪৮

মেহেরপুরে কাঠবাদাম ভেবে বিষাক্ত ফল খেয়ে ১৪ শিশু অসুস্থ

প্র্রতিনিধি

প্রকাশ: ২২:৫৮, ৬ জুলাই ২০২৬

মেহেরপুরে কাঠবাদাম ভেবে বিষাক্ত ফল খেয়ে ১৪ শিশু অসুস্থ

বিষাক্ত ‘জিয়ালা কচা’ ফল (ডানে) খেয়ে মেহেরপুরের গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন শিশুরা ছবি: সংগৃহীত

কাঠবাদাম ভেবে ‘জিয়ালা কচা’ নামের একটি গাছের বিষাক্ত ফল খেয়ে অন্তত ১৪ জন শিশু অসুস্থ হয়ে পড়েছে। তাদের মধ্যে গুরুতর অসুস্থ সাতজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছে। তবে বর্তমানে তারা সবাই শঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা।

রোববার (৫ জুলাই) সন্ধ্যায় মেহেরপুরের গাংনী উপজেলার সহড়াবাড়ীয়া গ্রামে এ ঘটনা ঘটে। অসুস্থ হওয়া এসব শিশুর বয়স ৩ থেকে ১২ বছরের মধ্যে।

অসুস্থ শিশুরা জানায়, খেলা করার সময় জিয়ালা কচা গাছের ফলকে কাঠবাদাম মনে করে তারা বেশ কয়েকটি ফল খেয়ে ফেলে। তাৎক্ষণিকভাবে শরীরে কোনো প্রতিক্রিয়া দেখা যায়নি। তবে খেলা শেষে সন্ধ্যায় বাড়ি ফেরার পর একে একে তাদের পেটে ব্যথা শুরু হয়। একই সাথে কয়েকজন বমি করতে থাকে।
 
পেটব্যথা ও বমি শুরু হওয়ায় রাতেই আতঙ্কিত অভিভাবকরা শিশুদের গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে সাতজনকে ভর্তি করা হয় এবং বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়।
 
গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. উমর ফারুক বলেন, ‘বিদেশি গাছ বার্বাডোজ নাট স্থানীয়ভাবে জিয়ালা কচা নামে পরিচিত। এর ফল ও পাতা খেলে পেটব্যথা, বমি এবং ডায়রিয়া হতে পারে। অসুস্থ শিশুদের প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হয়েছে। তারা বর্তমানে শঙ্কামুক্ত রয়েছে।’

আরও পড়ুন