বিনোদন ডেস্ক
প্রকাশ: ২২:০৬, ১২ জুলাই ২০২৬
ছবি :সংগৃহীত
টানা ভারী বৃষ্টিতে দেশের বিভিন্ন অঞ্চলে দেখা দিয়েছে ভয়াবহ বন্যা। বিশেষ করে পার্বত্য চট্টগ্রাম, কক্সবাজার, সিলেটসহ একাধিক জেলার মানুষ চরম দুর্ভোগে দিন কাটাচ্ছেন। এমন দুর্যোগে শুধু সাধারণ মানুষই নন, ব্যথিত হয়েছেন শোবিজ অঙ্গনের তারকারাও। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে উদ্বেগ প্রকাশ করার পাশাপাশি সবাইকে বন্যার্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছেন তারা।
আজ রোববার (১২ জুলাই) দুপুর সাড়ে ১২টায় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী তার ফেসবুক বার্তায় লিখেছেন, ‘বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত সকল মানুষের জন্য আন্তরিক দোয়া রইল। এই কঠিন সময়ে যারা নিজেদের প্রিয়জন, ঘরবাড়ি বা জীবিকার ক্ষতির মুখোমুখি হয়েছেন, আল্লাহ যেন তাদের ধৈর্য ও শক্তি দান করেন।’
উদ্ধার ও ত্রাণকাজে নিয়োজিত ব্যক্তিদের প্রতিও কৃতজ্ঞতা জানিয়ে মেহজাবীন আরও লেখেন, ‘ আসুন, আমরা সবাই যার যার সামর্থ্য অনুযায়ী ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াই। আশা করি খুব শিগগিরই পরিস্থিতির উন্নতি হবে এবং সবাই নিরাপদে স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন। আল্লাহ বাংলাদেশকে হেফাজত করুন।’
চট্টগ্রামের সন্তান অভিনেতা ইরফান সাজ্জাদও নিজের জেলার ভয়াবহ পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। আবেগঘন এক ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘আমার চট্টগ্রাম ভালো নাই! বাঁশখালি, সাতকানিয়া, চকরিয়া, লোহাগাড়া, কক্সবাজার, বান্দরবন ভালো নাই! অথচ মেজর কোনো নিউজ নাই! কোন আওয়াজ নাই! মানুষগুলো নীরবে মরে যাচ্ছে, কষ্ট পাচ্ছে, কবর থেকে লাশ ভেসে যাচ্ছে! কুমিল্লা-নোয়াখালী-ফেনীর বন্যার সময় এই চট্টগ্রামের মানুষজন যার যা কিছু ছিল, তা নিয়ে উদ্ধার করতে গিয়েছিল! আজকে এই বন্যাপীড়িত মানুষগুলোকে উদ্ধারে মানুষের তেমন কোনো সাড়াশব্দ নাই, কোনো আওয়াজ নাই! আল্লাহ আপনি রহম করেন।’
এদিকে অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনীও বন্যাকবলিত মানুষের দুর্দশায় ব্যথিত। তিনি ফেসবুকে লিখেছেন, ‘চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, সিলেট, হবিগঞ্জসহ দেশের ৭টির বেশি জেলা এখন পানির নিচে। হাজারো ঘর-বাড়ি তলিয়ে গেছে। মানুষ ছাদে, আশ্রয়কেন্দ্রে না খেয়ে দিন কাটাচ্ছে। আমরা যারা ভালো আছি তাদের দায়িত্ব তাদের পাশে দাঁড়ানো। এক প্যাকেট শুকনো খাবার, এক বোতল পানি অনেক বড় সাহায্য হতে পারে। ভালো আশ্রয়স্থলে স্থান নিন এবং অন্যকে যতটুক সম্ভব সাহায্য করুন। আল্লাহ বন্যাদুর্গত সবাইকে হেফাজত করুন। আমিন।’
প্রসঙ্গত, ২০২৪ সালের ভয়াবহ বন্যার সময় দেশের শোবিজ ও সংস্কৃতি অঙ্গনের শিল্পীরা সম্মিলিতভাবে ত্রাণ কার্যক্রমে অংশ নিয়েছিলেন। তবে চলমান এই দুর্যোগে এখন পর্যন্ত সেই ধরনের বড় কোনো সমন্বিত উদ্যোগের খবর সামনে আসেনি।