স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২১:৪৫, ১২ জুলাই ২০২৬
ছবি :সংগৃহীত
সুইজারল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে আর্জেন্টিনা। এর ফলে অনন্য এক নজির তৈরি হলো। ১৯৯৪ সালে ফিফা র্যাঙ্কিং চালুর পর প্রথমবারের মতো শীর্ষ চার দল পেলো সেমিফাইনালের টিকিট।
১১ জুন ফিফার সবশেষ র্যাঙ্কিং হালনাগাদ অনুসারে, শেষ দল হিসেবে সেমিফাইনালের টিকিট কাটা আর্জেন্টিনার ফিফা র্যাঙ্কিং ২। নরওয়েকে হারিয়ে সেমিতে উঠা ইংল্যান্ডের র্যাঙ্কিং ৪। আর স্পেন ও ফ্রান্স আছে যথাক্রমে ২ ও ৩ নম্বরে।
এই চার দলের সেমিফাইনালে ওঠার পেছনে ২০২৬ বিশ্বকাপের জন্য ফিফার আনা একটি নতুন নিয়মও ভূমিকা রেখেছে। ড্রয়ের সময় এই চার দলকে আলাদা চারটি কোয়াড্রান্টে রাখা হয়েছিল, যাতে তারা সেমিফাইনালের আগে একে অপরের মুখোমুখি না হয়।
তবে এর জন্য তাদের প্রত্যেককে নিজেদের গ্রুপে চ্যাম্পিয়ন হতে হয়েছে এবং তারা সবাই সেটি করতে সক্ষম হয়েছে। এই ড্র পদ্ধতির কারণে স্পেন ফাইনালের আগে আর্জেন্টিনার মুখোমুখি হতে পারেনি।
এছাড়া ইংল্যান্ড ও ফ্রান্সকে নকআউট পর্বের ভিন্ন ভিন্ন অংশে রাখা হয়েছিল। ফলে তারা নিজেদের ম্যাচ জিততে থাকলে সেমিফাইনালে স্পেন বা আর্জেন্টিনার বিপক্ষে খেলবে- এমন পথই নির্ধারিত ছিল। ফিফা এই পরিবর্তনের ব্যাখ্যায় বলেছিল ‘প্রতিযোগিতার ভারসাম্য বজায় রাখা’ এবং ‘সেমিফাইনালে যাওয়ার জন্য দুটি পৃথক পথ নিশ্চিত করার’ কথা।
এবারের বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে ফ্রান্স ও স্পেন ও দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ড ও আর্জেন্টিনা মুখোমুখি হবে।