স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০০:১৮, ৪ জুলাই ২০২৬
ছবি :সংগৃহীত
কেপ ভার্দের বিপক্ষে ফেবারিট হিসেবে মাঠে নামছে আর্জেন্টিনা। এই সত্যটি কে না জানে! তাদের দিকেই হেলে রয়েছে জয়ের পাল্লা। কিন্তু কেপ ভার্দের প্রেসিডেন্ট হোসে মারিয়া নেভেস মনে করেন, তার দেশ আর্জেন্টিনাকে হারিয়ে দেবে ।
পূর্ব তিমুরের প্রেসিডেন্ট হোসে মানুয়েল রামোস-হোর্তাও মনে করেন, ২০২৬ বিশ্বকাপে আর্জেন্টিনা প্রথম পরাজয়ের স্বাদ পেতে যাচ্ছে কেপ ভার্দের বিপক্ষে। এবার হুঙ্কারই দিয়ে রাখলেন কেপ ভার্দের কোচ পেদ্রো লেইতাও ব্রিতো। আর্জেন্টিনাকে আঘাত করার মতো সাহস, সামর্থ্য ও বিশ্বাস তাদের রয়েছে বলে মন্তব্য করেছেন তিনি।
আর্জেন্টিনাকে ম্যাচকে সামনে রেখে সংবাদ সম্মেলনে এই কোচ বলেন, ‘অবশ্যই আমরা বিশ্বাস করি। আমরা নিজেদের সামর্থ্য, খেলোয়াড় এবং দলের ওপর বিশ্বাস রাখি। জানি এটি খুব কঠিন ম্যাচ হবে, কিন্তু আমরা প্রতিপক্ষকে আঘাত করতে পারি। আমরা সাহসী, উচ্চাভিলাষী এবং জয়ের লক্ষ্য নিয়েই খেলতে নামব।’
তিনি বলেন, ‘আমাদের বিশ্বাস ও আত্মবিশ্বাস রয়েছে, আর সেটাই আমাদের সবচেয়ে বড় শক্তি। আমরা সাহসের সঙ্গে খেলব। আমরা ইতিবাচক মানসিকতা নিয়ে মাঠে নামব এবং পরের পর্বে ওঠার জন্য সর্বোচ্চ লড়াই করব। খেলোয়াড়রা যেন ম্যাচটি উপভোগ করে, তবে একই সঙ্গে পুরো মনোযোগ ধরে রেখে পরবর্তী পর্বে যাওয়ার জন্য যা যা করা দরকার, সবই করবে।’
আর্জেন্টিনা টুর্নামেন্টের অন্যতম সেরা দল, এটাও মানছেন পেদ্রো লেইতাও। তিনি বলেন, ‘তারা বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন এবং এই টুর্নামেন্টের অন্যতম সেরা দল। আমরা পুরো দলের বিপক্ষেই খেলব। আমরা জানি মেসি বিশ্বের অন্যতম সেরা ফুটবলার, কিন্তু আমাদের লড়াই পুরো আর্জেন্টিনা দলের বিপক্ষে।’
ছোট দলের শক্তি নিয়ে লেইতাও বলেন, ‘যাদের ছোট দল বলা হয়, তারা দেখিয়ে দিয়েছে যে তথাকথিত বড় দলগুলোর সমানতালে প্রতিদ্বন্দ্বিতা করা সম্ভব। এতে প্রমাণ হয়েছে, ছোট দলগুলোও সবচেয়ে কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি করতে পারে। আর্জেন্টিনা আমাদের জন্য বড় চ্যালেঞ্জ হবে, তবে আমরাও চাই তাদের জন্য এই ম্যাচটি কঠিন করে তুলতে।’