ঢাকা, শনিবার, ০১ আগস্ট ২০২৬

১৬ শ্রাবণ ১৪৩৩, ১৫ সফর ১৪৪৮

৬ হাজার টাকার বকেয়া ভাড়ার জেরে ভাড়াটিয়ার ফ্ল্যাটে তালা !

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২২:২৮, ৩১ জুলাই ২০২৬

৬ হাজার টাকার বকেয়া ভাড়ার জেরে ভাড়াটিয়ার ফ্ল্যাটে তালা !

ছবি :সংগৃহীত

রাজধানীর মুগদা এলাকায় মাত্র ৬ হাজার টাকা ভাড়া বকেয়া থাকাকে কেন্দ্র করে এক ভাড়াটিয়ার বসবাসরত ফ্ল্যাটে তালা লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে বাড়িওয়ালা আবদুল মতিন ও তার সহযোগী হারুন গংয়ের বিরুদ্ধে।

ভুক্তভোগীর অভিযোগ, তিনি মুগদা থানাধীন ৪২/১ উত্তর মুগদা এলাকায় দীর্ঘদিন ধরে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন। গত ১৪ জুলাই বাড়িওয়ালা আবদুল মতিন ও তার সহযোগীরা কোনো আদালতের উচ্ছেদ আদেশ বা আইনগত প্রক্রিয়া অনুসরণ না করে তার ভাড়া করা ফ্ল্যাটে তালা লাগিয়ে দেন। এতে তিনি ও তার পরিবারের সদস্যরা বাসায় প্রবেশ করতে না পেরে চরম দুর্ভোগে পড়েন। ফ্ল্যাটের ভেতরে থাকা প্রয়োজনীয় কাগজপত্র, মূল্যবান মালামাল ও দৈনন্দিন ব্যবহার্য জিনিসপত্রও আটকে যায় বলে অভিযোগ করা হয়।

ভুক্তভোগী আরও দাবি করেন, বিষয়টি নিয়ে বাড়িওয়ালার সঙ্গে একাধিকবার যোগাযোগ করেও কোনো সমাধান পাননি। পরে তিনি মুগদা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন এবং একজন আইনজীবীর মাধ্যমে বাড়িওয়ালা আবদুল মতিনের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ পাঠান।

লিগ্যাল নোটিশে অভিযোগ করা হয়েছে, আদালতের অনুমতি ছাড়া ভাড়াটিয়ার ফ্ল্যাটে তালা লাগিয়ে তাকে বসবাস থেকে বঞ্চিত করা এবং মালামাল আটকে রাখা আইনবিরোধী। নোটিশে দ্রুত তালা খুলে দিয়ে ভাড়াটিয়াকে ফ্ল্যাটে প্রবেশের সুযোগ নিশ্চিত করার পাশাপাশি প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়েছে।

এ বিষয়ে অভিযুক্ত আবদুল মতিনের বক্তব্য জানা সম্ভব হয়নি।

ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। বিষয়টি বর্তমানে আইনগত প্রক্রিয়াধীন রয়েছে।  

আরও পড়ুন