ঢাকা, বুধবার, ০১ জুলাই ২০২৬

১৭ আষাঢ় ১৪৩৩, ১৫ মুহররম ১৪৪৮

নতুন পোশাকে বাংলাদেশ পুলিশ

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২১:৫২, ১ জুলাই ২০২৬

নতুন পোশাকে বাংলাদেশ পুলিশ

নতুন পোশাক পরিহিত আইজিপি আলী হোসেন ফকির। ছবি :সংগৃহীত

আবারও বদলে গেল বাংলাদেশ পুলিশের পোশাক (ইউনিফর্ম)। আজ বুধবার থেকে নতুন রঙের পোশাকে দায়িত্ব পালন শুরু করেছেন পুলিশ সদস্যরা। এবার পুলিশের শার্টের রং করা হয়েছে গাঢ় নীল ও হালকা জলপাই এবং প্যান্টের রং খাকি।

আজ রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) পরিচালিত পূর্বাচল নতুন শহর প্রকল্পে আইনশৃঙ্খলা ব্যবস্থা জোরদার করতে নবনির্মিত ‘বরকাউ পুলিশ ক্যাম্প’ উদ্বোধনের মাধ্যমে নতুন পোশাকের আনুষ্ঠানিকতা দেখা যায়। ক্যাম্পটি উদ্বোধন করেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির। অনুষ্ঠানে আইজিপিকে গাঢ় নীল রঙের শার্ট ও খাকি প্যান্টে এবং ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদকে হালকা জলপাই রঙের শার্ট ও খাকি প্যান্ট পরিহিত অবস্থায় দেখা গেছে।

পুলিশ সদর দফতরের অতিরিক্ত মহাপরিদর্শক (ক্রাইম অ্যান্ড অপারেশনস) খোন্দকার রফিকুল ইসলাম বলেন, আজ থেকে পুলিশ সদস্যরা নতুন ইউনিফর্ম পরা শুরু করেছেন। নতুন পোশাকটি এখনও সব সদস্যের হাতে পৌঁছায়নি। তবে পর্যায়ক্রমে সবাই এটি পাবেন এবং যারা এরইমধ্যে পেয়েছেন, তারা নতুন পোশাকেই দায়িত্ব পালন করছেন।

পুলিশ সদর দফতর সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর পুলিশ বাহিনীতে বড় ধরনের সংস্কারের দাবি ওঠে। এর অংশ হিসেবে গত বছরের ২০ জানুয়ারি আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় পুলিশের পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত হয়েছিল। সেই সিদ্ধান্ত অনুযায়ী শার্টের রং ‘আয়রন বা লোহা-ধূসর’ এবং প্যান্টের রং ‘কফি-বাদামি ধূসর’ নির্ধারণ করে গত বছরের ২৫ নভেম্বর নতুন পোশাক চালু করা হয়। তবে লোহা-ধূসর রঙের ওই ইউনিফর্ম নিয়ে মাঠপর্যায়ের পুলিশ সদস্যদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয় এবং নানা মহলে প্রশ্ন ওঠে।

পরবর্তী সময়ে রাজনৈতিক পটপরিবর্তনে বিএনপি সরকার ক্ষমতায় আসার পর পুলিশের পোশাক আবার পরিবর্তনের দাবি জোরালো হয়। এরই পরিপ্রেক্ষিতে গত ১৮ জুন পুলিশ সদর দফতর পোশাকের রং পরিবর্তন করে নতুন প্রজ্ঞাপন জারি করে।

নতুন প্রজ্ঞাপন অনুযায়ী, জেলা পুলিশ এবং এপিবিএন, এসপিবিএন, এসবি, সিআইডি ও র‍্যাব ছাড়া অন্যান্য ইউনিটের ক্ষেত্রে ট্রাউজার বা প্যান্টের রং হবে খাকি। আর শার্ট হবে গাঢ় নীল রঙের। শার্টের সামনে চারটি পকেট এবং সমদূরত্বে সাতটি বোতাম থাকবে। শীতকালে লোহা-ধূসর সোয়েটারের পরিবর্তে নীল শার্টের ওপর গাঢ় নীল রঙের ফুলহাতা জার্সি, কার্ডিগান বা পুলওভার ব্যবহার করা হবে। এ ছাড়া মৌসুম অনুযায়ী গ্রীষ্মকালে অর্ধহাতা এবং শীতকালে পূর্ণ হাতা শার্ট পরার নিয়ম করা হয়েছে।

প্রজ্ঞাপনে নারী পুলিশ সদস্যদের পোশাকের বিষয়েও বিস্তারিত বলা হয়েছে। নারী পুলিশ সদস্যরা চাইলে শাড়ি পরতে পারবেন। জেলা পুলিশ ও অন্যান্য ইউনিটের ক্ষেত্রে গাঢ় নীল শাড়ির সঙ্গে গাঢ় নীল ব্লাউজ এবং মহানগর পুলিশের ক্ষেত্রে গাঢ় নীল শাড়ির সঙ্গে হালকা জলপাই রঙের ব্লাউজ নির্ধারিত করা হয়েছে। পাশাপাশি নারী সদস্যরা চাইলে অনুমোদিত গাঢ় নীল রঙের মাথার আবরণ (হিজাব) ব্যবহার করতে পারবেন। ট্রাফিক ইউনিটে কর্মরত নারী সদস্যরা সারা বছর পূর্ণ হাতা শার্ট বা ব্লাউজ পরতে পারবেন এবং গর্ভাবস্থায় সংশ্লিষ্ট ইউনিট প্রধানের অনুমতি নিয়ে সাধারণ পোশাক পরার সুযোগ পাবেন।
 

আরও পড়ুন