ঢাকা, রোববার, ০১ ফেব্রুয়ারি ২০২৬

১৯ মাঘ ১৪৩২, ১৩ শা'বান ১৪৪৭

চৌদ্দগ্রামে জামায়াত-বিএনপি সংঘর্ষ, আহত ৭

প্র্রতিনিধি

প্রকাশ: ২১:০৫, ৩১ জানুয়ারি ২০২৬

চৌদ্দগ্রামে জামায়াত-বিএনপি সংঘর্ষ, আহত ৭

চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ফাইল ছবি

কুমিল্লার চৌদ্দগ্রামে জামায়াতে ইসলামীর জনসভা শেষে ফেরার পথে জামায়াত ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত সাতজন আহত হয়েছেন। 

 শনিবার (৩১ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে উপজেলার জগন্নাথদিঘী ইউনিয়নের হাটবাইর গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতদের মধ্যে জামায়াত নেতা রবিউল হোসেন রকি, জাকারিয়া রাসেল, কাজী রাসেল ও রিফাত সানি এবং উপজেলা বিএনপির সহসভাপতি সোলেমান চৌধুরীর নাম নিশ্চিত হওয়া গেছে। তাদের চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে চৌদ্দগ্রাম পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা জামায়াত আয়োজিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন দলের আমির ডা. শফিকুর রহমান। সভা শেষে নেতাকর্মীরা বাড়ি ফেরার পথে হাটবাইর এলাকায় পৌঁছালে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের সঙ্গে কথা কাটাকাটি শুরু হয়। এর একপর্যায়ে দু’পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

উপজেলা জামায়াতের সেক্রেটারি মু. বেলাল হোসাইন অভিযোগ করে বলেন, সমাবেশ শেষে শান্তিপূর্ণভাবে ফেরার পথে বিএনপির নেতাকর্মীরা অতর্কিত হামলা চালায়। এতে আমাদের পাঁচজনসহ মোট ৭ জন নেতাকর্মী গুরুতর আহত হয়েছেন।

অন্যদিকে, উপজেলা বিএনপির সহ-সভাপতি সোলেমান চৌধুরী পাল্টা অভিযোগ করে বলেন, জামায়াত-শিবির নেতাকর্মীরা পরিকল্পিতভাবে আমাদের এলাকায় হামলা ও ভাঙচুর চালিয়েছে। আমরা বাধা দিতে গেলে পুনরায় সংঘর্ষ বাধে, যাতে আমি ও আমার গাড়িচালক আহত হয়েছি।

এ বিষয়ে বক্তব্য জানতে স্থানীয় বিএনপি নেতা মিজান খান ও মোবারক চৌধুরীর সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু মাহমুদ কাওসার হোসেন জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। হামলার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।

আরও পড়ুন