ঢাকা, সোমবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৬

২৬ মাঘ ১৪৩২, ২০ শা'বান ১৪৪৭

প্রশাসন ‘এক দিকে হেলে পড়ার’ অভিযোগ জামায়াতের

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৩:৪২, ৮ ফেব্রুয়ারি ২০২৬

প্রশাসন ‘এক দিকে হেলে পড়ার’ অভিযোগ জামায়াতের

ছবি :সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে মাঠপর্যায়ের প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামী বলছে, প্রশাসন এক দিকে হেলে পড়েছে। দলটির পক্ষ থেকে প্রার্থীদের নিরাপত্তা, কেন্দ্রীয় নেতাদের চলাচলের জন্য গাড়ি ও পাস ইস্যু এবং সাংবাদিকদের নির্ভয়ে কাজ করার পরিবেশ নিশ্চিত করার দাবি জানানো হয়।

  রোববার (৮ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ অভিযোগ করেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসান মাহবুব জুবায়ের। দলটির পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল এই বৈঠকে অংশ নেয়।

এহসান মাহবুব জুবায়ের অভিযোগ করে বলেন, পটুয়াখালীর বাউফল আসনে জামায়াতের প্রার্থী ড. শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনি এলাকায় পুলিশ চরম পক্ষপাতিত্ব করছে। বাউফলের ওসি চূড়ান্তভাবে একপেশে আচরণ করছেন। তিনি বিএনপি-ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে জামায়াতের অফিস তল্লাশি করছেন। এই ওসি বহাল থাকলে সেখানে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। তাই অবিলম্বে বাউফলের ওসির প্রত্যাহার দাবি করেছি।

এহসান মাহবুব জুবায়ের আরও অভিযোগ জানান, ঢাকা-১৫ আসনে (যেখানে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান প্রতিদ্বন্দ্বিতা করছেন) এবং পাবনায় নিয়মিত সন্ত্রাসী হামলা ও অফিস ভাঙচুর হচ্ছে। পাবনায় জেলা আমিরের ওপর হামলা এবং মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়েছে। সেখানে নারী কর্মীদের ওপরও হামলা চালানো হয়েছে। স্থানীয় প্রশাসন ও ইউএনওরা এসব দেখেও কার্যকর কোনো পদক্ষেপ নিচ্ছেন না।

নির্বাচনি প্রচারণায় নারী কর্মীদের ওপর শারীরিক নির্যাতন ও হেনস্তার অভিযোগ এনে জামায়াতের এই নেতা বলেন, বাউফল, পাবনা ও ঢাকাসহ বিভিন্ন স্থানে নারী ভোটারদের ভয়ভীতি দেখানো হচ্ছে।

এ ছাড়া জামায়াতের পক্ষ থেকে লক্ষাধিক বোরকা বানানো হচ্ছে, এমন প্রচারণাকে ‘কাল্পনিক নাটক’ হিসেবে অভিহিত করেন অ্যাডভোকেট জুবায়ের। তিনি বলেন, নারীদের মধ্যে সংশয় তৈরি করতে এবং তাদের নির্বাচনবিমুখ করতেই এমন উদ্দেশ্যপ্রণোদিত গুজব ছড়ানো হচ্ছে। যেখানে অর্ধেক ভোটার নারী, সেখানে তাদের নিরাপত্তা নিশ্চিত করা নির্বাচন কমিশনের বড় দায়িত্ব।

১১টি নারী সংগঠনের পক্ষ থেকে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের প্রার্থিতা বাতিলের আবেদনের বিষয়ে প্রশ্ন করা হলে এহসান মাহবুব জুবায়ের বলেন, জামায়াতে ইসলাম নারীদের সর্বোচ্চ সম্মানের চোখে দেখে। আমিরে জামায়াতের টুইটার অ্যাকাউন্টটি হ্যাক করা হয়েছিল। আমরা সেটি উদ্ধার করেছি এবং তদন্তে দেখা গেছে, বঙ্গভবনের এক কর্মকর্তার ইমেইল থেকে ভাইরাস ছড়িয়ে এটি করা হয়েছে। ওই ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তারও করেছে। এটি মূলত জামায়াতের নারী সমর্থনের জোয়ার দেখে একটি মহলের চক্রান্ত।

বিভিন্ন অনিয়মের বিষয়ে কূটনীতিকদের জানানো হচ্ছে জানিয়ে জামায়াতনেতা এহসান মাহবুব জুবায়ের বলেন, সিইসির সঙ্গে বৈঠকে জামায়াতের পক্ষ থেকে প্রার্থীদের নিরাপত্তা, কেন্দ্রীয় নেতাদের চলাচলের জন্য গাড়ি ও পাস ইস্যু এবং সাংবাদিকদের নির্ভয়ে কাজ করার পরিবেশ নিশ্চিত করার দাবি জানিয়েছি।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন