ঢাকা, শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬

২৯ শ্রাবণ ১৪৩৩, ২৮ সফর ১৪৪৮

দল সমর্থিত প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধ কাজের নির্দেশ

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৩:০৩, ১৩ আগস্ট ২০২৬

দল সমর্থিত প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধ কাজের নির্দেশ

ছবি :সংগৃহীত

 স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকে না হলেও বিএনপির একক সমর্থিত প্রার্থীর পক্ষে দলের সর্বস্তরের নেতা-কর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সন্ধ্যায় গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে রাজশাহী বিভাগের নেতা-কর্মীদের সঙ্গে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় তিনি এ নির্দেশনা দেন।

বৈঠক শেষে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে সভার সিদ্ধান্ত ও চলমান পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের বিস্তারিত জানান বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রিজভী জানান, দেশের চলমান রাজনীতি, অভ্যন্তরীণ সাংগঠনিক পরিস্থিতি এবং আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে ধারাবাহিক আলোচনার অংশ হিসেবে সারা দেশের বিভিন্ন অঞ্চলের স্থানীয় নেতাদের সঙ্গে মতবিনিময় করছেন প্রধানমন্ত্রী ও দলীয় প্রধান তারেক রহমান। তিনি দেশকে গঠন ও নতুন করে পুনর্গঠন করতে সবাইকে সব ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন।

রুহুল কবির রিজভী বলেন, ‘স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকে না হলেও আমাদের দল থেকে যাকে সমর্থিত প্রার্থী ঘোষণা করা হবে, তার পক্ষে সব নেতা-কর্মীকে এক হয়ে কাজ করার কড়া নির্দেশনা দেয়া হয়েছে।’

সংবাদ ব্রিফিংয়ে দেশের চলমান বিদ্যুৎ ও জ্বালানি সংকটের বিষয়েও কথা বলেন বিএনপির এই জ্যেষ্ঠ নেতা। তিনি জানান, দেশের বর্তমান জ্বালানি সংকট দ্রুত নিরসনে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। এই সংকট কাটাতে প্রায় ৪০ হাজার কোটি টাকারও বেশি অর্থ ব্যয়ে জ্বালানি আমদানির বিষয়ে ইতিবাচক ভাবছে ও প্রক্রিয়া শুরু করছে সরকার।

আরও পড়ুন