নিজস্ব প্রতিবেদক, খুলনা
প্রকাশ: ০০:১৪, ২ নভেম্বর ২০২৬
খুলনা মহানগর তাঁতি দলের যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির। ছবি: সংগৃহীত
খুলনা মহানগর তাঁতি দলের যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবিরকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
রোববার (১ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নগরীর রায়েরমহল বড় মসজিদের পেছনে তার নিজস্ব ব্যাবসা প্রতিষ্ঠানে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, সন্ধ্যায় হুমায়ুন কবির তার ব্যবসাপ্রতিষ্ঠানে অবস্থান করছিলেন। এ সময় ইজিবাইকে করে ৪ থেকে ৫ জন দুর্বৃত্ত সেখানে আসে। তাদের মধ্যে একজনের মুখ ঢাকা ছিল। দেশীয় অস্ত্র নিয়ে রেস্টুরেন্টে ঢুকে তারা হুমায়ুন কবিরকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। পরে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
খুলনা মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার গোপী কিশোর রায় জানান, প্রাথমিকভাবে জানা গেছে, আরাফাতের দোকান থেকে কেনা একটি ফ্রিজের কিস্তির টাকা সময়মতো পরিশোধ না করাকে কেন্দ্র করে ঘটনার আগে হুমায়ুন কবিরের সঙ্গে আরাফাত ও ফায়েকের তর্ক-বিতর্ক ও হাতাহাতি হয়। এর জেরেই এ হত্যাকাণ্ড ঘটেছে কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ।
এ ঘটনায় জড়িত হিসেবে মইন, আরাফাত, ফায়েক ও বায়েজিদের নাম প্রাথমিকভাবে জানতে পেরেছে পুলিশ। তারা সবাই রায়েরমহল পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা। হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশ কাজ করছে।
নিহত হুমায়ুন কবির সৈয়দ আনোয়ার আলীর ছেলে। তিনি রায়েরমহল বড় মসজিদের পেছনে নিজ বাসায় বসবাস করতেন।