ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ২৩:৪৮, ১ নভেম্বর ২০২৬
চট্টগ্রাম বন্দরে যুক্তরাষ্ট্র নৌবাহিনীর জাহাজ ইউএসএস ওয়ারিয়র (এমসিএম-১০)। ছবি: সংগৃহীত
বাংলাদেশ নৌবাহিনীর সঙ্গে ‘কো-অপারেশন অ্যাফ্লোট রেডিনেস অ্যান্ড ট্রেনিং’ (কারাট) বাংলাদেশ ২০২৬ যৌথ মহড়ায় অংশ নিতে চট্টগ্রামে পৌঁছেছে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর মাইন প্রতিরোধী জাহাজ ইউএসএস ওয়ারিয়র (এমসিএম-১০)।
রোববার (১ নভেম্বর) মার্কিন দূতাবাসের ভারপ্রাপ্ত মুখপাত্র মারা বার্ডের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, আগামী ২ থেকে ৬ নভেম্বর পর্যন্ত চট্টগ্রামে এই যৌথ মহড়া অনুষ্ঠিত হবে।
চট্টগ্রাম বন্দরে জাহাজটি পৌঁছানোর পর এর নাবিক ও ক্রু সদস্যদের স্বাগত জানান যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত প্রতিরক্ষা অ্যাটাশে মেজর কার্স্টেন ফ্লেচার।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, কারাট বাংলাদেশ ২০২৬ মহড়া এ অঞ্চলের অভিন্ন সামুদ্রিক নিরাপত্তা-সংক্রান্ত চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সঙ্গে একযোগে কাজ করার প্রতি যুক্তরাষ্ট্রের অঙ্গীকারের প্রতিফলন। এই মহড়া যুক্তরাষ্ট্র-বাংলাদেশ অংশীদারত্বকে আরও সুদৃঢ় করার পাশাপাশি যুক্তরাষ্ট্রকে আরও শক্তিশালী ও সমৃদ্ধ করে তুলতেও ভূমিকা রাখবে।