ঢাকা, সোমবার, ০২ নভেম্বর ২০২৬

১৮ কার্তিক ১৪৩৩, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শুধু অক্টোবরেই ধর্ষণের শিকার ৫১ :বাংলাদেশ মহিলা পরিষদ

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৩:৫৮, ১ নভেম্বর ২০২৬

শুধু অক্টোবরেই ধর্ষণের শিকার ৫১ :বাংলাদেশ মহিলা পরিষদ

প্রতীকী ছবি

দেশে উদ্বেগজনক পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে নারী ও কন্যাশিশুর নিরাপত্তা ঘিরে। সদ্যবিদায়ী অক্টোবর মাসে ধর্ষণ, হত্যা, রহস্যজনক মৃত্যু, আত্মহত্যা, যৌন নিপীড়ন, অপহরণসহ বিভিন্ন ধরনের নির্যাতনের শিকার হয়েছে ২৪০ জন নারী ও কন্যা শিশু।

এর মধ্যে ৫১ জনের সঙ্গে ঘটেছে ধর্ষণকাণ্ড। ধর্ষণের পর হত্যা করা হয়েছে তিনজনকে। একই সময়ে বিভিন্ন কারণে হত্যাকাণ্ডের শিকার হয়েছে ৪২ জন নারী ও শিশু। এছাড়া রহস্যজনক মৃত্যু হয়েছে ২৮ জনের।

রোববার (১ নভেম্বর) সাধারণ সম্পাদক মালেকা বানু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে অক্টোবর মাসের নারী ও কন্যা শিশু নির্যাতনের এ পরিসংখ্যান প্রকাশ করে বাংলাদেশ মহিলা পরিষদ।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, অক্টোবর মাসে ধর্ষণের শিকার ৫১ জনের মধ্যে ৩৪ জন কন্যাশিশু এবং ১৭ জন নারী। তাদের মধ্যে ছয়জন কন্যাশিশুসহ ১৬ জন দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন। ধর্ষণের পর হত্যা করা হয়েছে দুই কন্যাশিশুসহ তিনজনকে। এছাড়া ১৭ জন কন্যাশিশুসহ ২১ জনকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে।

একই সময়ে বিভিন্ন কারণে হত্যা করা হয়েছে ৪২ জন নারী ও কন্যাশিশুকে। তাদের মধ্যে সাতজন কন্যাশিশু এবং ৩৫ জন নারী। এ ছাড়া পাঁচ কন্যাশিশুসহ ২৮ জনের রহস্যজনক মৃত্যু হয়েছে। আত্মহত্যা করেছেন ২৩ জন। তাদের মধ্যে ছয়জন কন্যাশিশু ও ১৭ জন নারী। আত্মহত্যায় প্ররোচনার শিকার হয়েছে দুই কন্যাশিশুসহ সাতজন।

প্রতিবেদনে যৌন সহিংসতার চিত্রও উদ্বেগজনক। অক্টোবর মাসে ১৫ জন কন্যাশিশুসহ ২১ জন নারী ও কন্যা শিশু যৌন সহিংসতার শিকার হয়েছে। এর মধ্যে সাতজন কন্যাশিশুসহ নয়জন যৌন নিপীড়নের শিকার হয়েছে। একই সময়ে সাতজন কন্যাশিশুসহ নয়জন উত্ত্যক্তকরণের শিকার হয়েছে। সাইবার সহিংসতার শিকার হয়েছে একজন কন্যাশিশুসহ তিনজন। এছাড়া অ্যাসিডদগ্ধ হয়েছেন একজন এবং অগ্নিদগ্ধ হয়েছে তিন কন্যাশিশুসহ চারজন।

বাংলাদেশ মহিলা পরিষদের প্রতিবেদন অনুযায়ী, যৌতুকের কারণে নির্যাতনের শিকার হয়েছেন সাতজন নারী। তাদের মধ্যে ছয়জনকে যৌতুকের কারণে হত্যা করা হয়েছে। পারিবারিক সহিংসতায় শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন দুজন। এছাড়া দুই কন্যাশিশুসহ আটজন শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

অক্টোবর মাসে অপহরণের ঘটনাও ঘটেছে উল্লেখযোগ্যভাবে। সদ্যবিদায়ী মাসটিতে ছয়জন কন্যাশিশু অপহরণের শিকার হয়েছে। এছাড়া নয়জন কন্যাশিশুসহ ২১ জনকে অপহরণের চেষ্টা করা হয়েছে। পাচারের শিকার হয়েছে একজন কন্যাশিশুসহ দুজন। বাল্যবিয়ের শিকার হয়েছে একজন এবং একজনকে বাল্যবিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। এছাড়া দুই কন্যাশিশুসহ সাতজন বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়েছেন।

আরও পড়ুন