স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০০:৩৭, ২ নভেম্বর ২০২৬
মানসিকতার দায় দেখছেন বার্সেলোনার কিংবদন্তি জাভি হার্নান্দেজ। ছবি: বার্সেলোনা
বার্সেলোনায় ব্যালন ডি’অর জয়ের পর ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনিয়োর পারফরম্যান্সে আকস্মিক পতনের কারণ নিয়ে মুখ খুলেছেন নেদারল্যান্ডসের কোচ জাভি হার্নান্দেজ। স্প্যানিশ এই কিংবদন্তি মিডফিল্ডারের মতে, মাঠের বাইরের বিতর্কিত জীবনযাপন নয়, বরং অনুপ্রেরণা ও জয়ের ক্ষুধা হারিয়ে ফেলাই ছিল রোনালদিনিয়োর দ্রুত ছন্দপতনের মূল কারণ।
বার্সেলোনার সাবেক সতীর্থ রোনালদিনিয়োর পারফরম্যান্সে আকস্মিক পতন নিয়ে নিজের মতামত জানিয়েছেন জাভি। ২০০৫ সালে ব্যালন ডি’অর জয়ের কিছুদিন পর থেকেই ব্রাজিলিয়ান এই কিংবদন্তির পারফরম্যান্সে উল্লেখযোগ্য অবনতি দেখা যায়।
অনেক সমর্থক ও ফুটবল বিশ্লেষক দীর্ঘদিন ধরেই রোনালদিনিয়োর রাতভর পার্টি করার অভ্যাসকে তার ছন্দপতনের কারণ হিসেবে দায়ী করে আসছেন। তবে জাভির মতে, এর পেছনে ছিল ভিন্ন কারণ। তার বিশ্বাস, রোনালদিনিয়ো নিজের প্রতিযোগিতামূলক মানসিকতা ও জয়ের তাড়না হারিয়ে ফেলেছিলেন।
কাতালোনিয়ার ক্লাবটির হয়ে ঘরোয়া ও ইউরোপীয় শিরোপা জয়ের পর নিজের অনুপ্রেরণা ধরে রাখতে পারেননি এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। জাভির মতে, এটি এমন একটি মানসিক ফাঁদ, যেখানে একসময় অনেক শীর্ষ পর্যায়ের ক্রীড়াবিদই আটকে যান।
প্রখর গুপ্তের সঙ্গে এক সাক্ষাৎকারে জাভি ব্যাখ্যা করেন, রোনালদিনিয়োর মনে হয়েছিল ক্লাব ফুটবলে তার আর কিছু পাওয়ার বাকি নেই। ব্যক্তিগত ও দলীয় পর্যায়ে বড় সব পুরস্কার জেতার পর ধীরে ধীরে তার প্রতিদিনের পরিশ্রম ও সেরাটা দেওয়ার তাড়না কমে যায়।
জাভি বলেন, 'আমার মনে হয়, এটি ছিল মানসিকতার সমস্যা। রোনালদিনিয়ো সবকিছুই জিতেছিল। বার্সেলোনার হয়ে লা লিগা ও চ্যাম্পিয়নস লিগ এবং ব্যক্তিগতভাবে ব্যালন ডি’অরও। এরপর সম্ভবত তার মনে হয়েছিল, ঠিক আছে, আমার সবকিছুই অর্জন করা হয়ে গেছে।'
নিজের বক্তব্যের পক্ষে রোনালদিনিয়োর মানসিকতার সঙ্গে লিওনেল মেসির তুলনা করেন জাভি। আর্জেন্টাইন এই ফরোয়ার্ড প্রায় দুই দশক ধরে ফুটবলের সর্বোচ্চ পর্যায়ে নিজের আধিপত্য ধরে রেখেছেন।
জাভি আরও বলেন, 'উদাহরণ হিসেবে যদি লিওর (মেসি) সঙ্গে তুলনা করেন, তাহলে রোনালদিনিয়োর মানসিকতা ছিল এমন; 'আমার কাজ শেষ'। কিন্তু মেসি আরও বেশি কিছু চাইত। সে এগিয়ে যেতে থাকল, থামেনি। এর কারণ মানসিকতা, পার্টি নয়।'
বার্সেলোনা ছেড়ে প্যারিস সেইন্ট জার্মেইয়ে (পিএসজি) যোগ দেওয়ার পর নেইমারের ক্যারিয়ারের গতিপথের সঙ্গেও রোনালদিনিয়োর ঘটনার মিল খুঁজে পেয়েছেন জাভি।
তিনি বলেন, 'নেইমারের ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছিল। বার্সেলোনায় তার দারুণ সময় কেটেছে, আমরা চ্যাম্পিয়নস লিগ জিতেছি। এরপর সে পিএসজিতে চুক্তিবদ্ধ হয়। এ ক্ষেত্রেও আমার মনে হয়, বিষয়টি মানসিকতার সঙ্গে সম্পর্কিত।'
নিজের বিশ্লেষণের শেষ দিকে লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর অসাধারণ ধারাবাহিকতার প্রশংসা করেন জাভি। তার মতে, যেসব খেলোয়াড় নিজেদের অনুপ্রেরণা কমে যাওয়ার বিষয়টি বুঝতে পারেন না, তারা কখনোই আগের মতো প্রভাবশালী থাকতে পারেন না।
জাভি বলেন, 'যখন আপনি বুঝতে পারেন যে আপনার মানসিকতা নিচের দিকে নেমে যাচ্ছে, আপনার আগের সেই মানসিকতা আর নেই এবং আপনি আর আগের মতো খেলোয়াড় নন, তখন সমস্যা তৈরি হয়। উদাহরণস্বরূপ, ক্রিস্টিয়ানো রোনালদো কিংবা মেসির ক্ষেত্রে এমনটা হয়নি। তারা দুজনই দানবের মতো।'