স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৩:১৮, ৬ আগস্ট ২০২৬
ছবি :সংগৃহীত
বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না নেইমারের। কোপা দো ব্রাজিলে রেমোর বিপক্ষে সান্তোসের জয় উদযাপনের রাতে এক অপ্রীতিকর ঘটনায় জড়িয়ে বড় ধরনের শাস্তির মুখে পড়তে যাচ্ছেন এই ব্রাজিলিয়ান সুপারস্টার। মাঠের উত্তাপ শেষ পর্যন্ত মাঠের বাইরে গড়ানোয় এখন বড় শাস্তির খাঁড়া ঝুলছে তার মাথার ওপর।
ইএসপিএন ব্রাজিলের তথ্য অনুযায়ী, ম্যাচ শেষে দুই দলের খেলোয়াড়দের হাতাহাতির একটি ভিডিও ফুটেজ গভীরভাবে খতিয়ে দেখছে দেশটির ক্রীড়া আদালত ‘সুপিরিয়র ট্রাইব্যুনাল অফ স্পোর্টস জাস্টিস’। শোনা যাচ্ছে, ট্রাইব্যুনালের প্রসিকিউটররা নেইমারের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আনার কথা ভাবছেন। শুধু নেইমারই নন, শৃঙ্খলাভঙ্গের দায়ে আরও কয়েকজন খেলোয়াড় এবং স্বাগতিক রেমো ক্লাবও শাস্তির মুখে পড়তে পারে।
ব্রাজিলিয়ান কোড অফ স্পোর্টস জাস্টিসের (সিসিজেডি) ২৫৮ নম্বর ধারা অনুযায়ী সান্তোস ফরোয়ার্ডের বিরুদ্ধে শৃঙ্খলা ও ক্রীড়াসুলভ আচরণ পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগ আনা হতে পারে। পরিস্থিতি যদি খুব বেশি খারাপ হয়, তবে ১ থেকে ৬ ম্যাচের নিষেধাজ্ঞার মুখে পড়তে পারেন নেইমার। অবশ্য ম্যাচের রেফারি অ্যান্ডারসন দারোঙ্কো তার অফিশিয়াল ম্যাচ রিপোর্টে এই হাতাহাতির ঘটনার কথা উল্লেখ করেননি, তবুও শেষ রক্ষা নাও হতে পারে।
মূলত ম্যাচের শুরু থেকেই উত্তেজনা ছড়াতে থাকে। খেলা শুরুর আগে ওয়ার্মআপের সময় থেকেই নেইমারকে লক্ষ্য করে দুয়ো দিতে থাকেন স্বাগতিক দর্শকরা। এমসময় তারা গ্যালারিতে ‘ভুয়া ভুয়া’ স্লোগান তুলে। ১-০ গোলে জেতা ওই ম্যাচে সান্তোসের জয়সূচক গোলটিতে অ্যাসিস্ট করা নেইমার মাঠ ছাড়ার সময় গ্যালারির দিকে তাকিয়ে প্রতিপক্ষের দর্শকদের উদ্দেশ্যে ফ্লায়িং কিস ছুড়ে দেন।
তবে ব্রাজিলিয়ান গণমাধ্যমের খবর, মূল ঝামেলাটি বাঁধে ড্রেসিংরুমে যাওয়ার টানেলে। প্রতিপক্ষ দলের খেলোয়াড়দের উদ্দেশে নেইমার নাকি চড়া গলায় ‘বাদ পড়ে গেলে, বাদ পড়ে গেলে’ বলে চিৎকার করতে থাকেন এবং উসকানিমূলক ভঙ্গিতে উল্লাস প্রকাশ করেন। পরিস্থিতি পুরোপুরি নাগালের বাইরে যাওয়ার আগেই সান্তোসের স্টাফরা তাকে দ্রুত টেনেহিঁচড়ে ড্রেসিংরুমে নিয়ে যান।
এদিকে শুধু নেইমার একা নন, কাঠগড়ায় দাঁড়াতে হচ্ছে রেমো ক্লাবকেও। স্টেডিয়ামে দর্শকদের বিশৃঙ্খলা রোধ করা, মাঠে জিনিসপত্র ছুড়ে মারা বন্ধ করা এবং নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হওয়ায় রেমোর বিরুদ্ধেও বড় শাস্তির বিধান রয়েছে। আর্থিক জরিমানার পাশাপাশি ঘরের মাঠে দর্শকশূন্য স্টেডিয়ামে খেলা বা হোম অ্যাডভান্টেজ হারানোর মতো কঠোর ব্যবস্থার মুখে পড়তে পারে রেমো