স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২২:৫৯, ১৩ আগস্ট ২০২৬
ছবি :সংগৃহীত
স্টিভ স্মিথের ব্যাটের কাছ দিয়ে যাওয়া বলটা জমা পড়ল উইকেটকিপার লিটন দাসের গ্লাভসে। বাংলাদেশ শিবিরে তখন উচ্ছ্বাস। স্মিথ আউট! অজি ব্যাটার একপ্রকার প্যাভিলিয়নের পথে হাঁটা ধরেছিলেন। কিন্তু আম্পায়ার কুমার ধর্মসেনা ঠায় দাঁড়িয়ে রইলেন।
আঙুল তুলবেন তো দূরের কথা, ধর্মসেনা বাংলাদেশের আবেদনে সাড়াই দিলেন না। আউটের ব্যাপারে আত্মবিশ্বাসী বাংলাদেশ রিভিউ নিল। আম্পায়াররা বেশ কিছুক্ষণ ধরে পরীক্ষা-নিরীক্ষা করলেন। কিন্তু স্নিকো জানালো বল স্মিথের ব্যাটে লাগেনি।
স্মিথ মনে করছেন, এটা প্রযুক্তির কল্যাণে তার বেঁচে যাওয়া। বল ব্যাটে লেগেছে কি না এমন প্রশ্নে তিনি বলেন, ‘আমার তেমনই মনে হয়। হ্যাঁ (ভাগ্যবান কি না প্রশ্নের উত্তরে)। আপনাকে মাঝেমাঝে এগুলো গ্রহণ করতে হবে।’
আরেক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘হয়তো আমার ব্যাটে লাগেনি, কিন্তু আমি কিছু একটা অনুভব করেছি। আউট দিলে চলে যেতাম। কিন্তু মনে হচ্ছে প্রযুক্তি আমাকে আজ বাঁচিয়ে দিয়েছে।’
এটা অস্ট্রেলিয়ার ইনিংসের ২১তম ওভারের ঘটনা। স্মিথ তখন ৭ রান নিয়ে ব্যাট করছিলেন। এখান থেকে শেষ পর্যন্ত দলের সর্বোচ্চ সংগ্রাহক বনে যান তিনি। ১০৯ বলে করেন ৭১ রান। হাসান মাহমুদের দারুণ স্পেলের কল্যাণে অস্ট্রেলিয়া অলআউট হয় ১৯৮ রানে।
বাংলাদেশি পেসার ৫৫ রানে নেন ৬ উইকেট। বাকি ৪টি উইকেট সমানভাবে ভাগাভাগি করেন তাসকিন আহমেদ ও এবাদত হোসেন। এরপর বাংলাদেশ দিন শেষ করেছে ১ উইকেটে ৯৬ রান নিয়ে। সাদমান ইসলাম ২০ রান আউট হওয়ার পর তানজিদ তামিম ৩২ ও মুমিনুল হক ৩৫ রান করে অপরাজিত।