ঢাকা, সোমবার, ১০ আগস্ট ২০২৬

২৫ শ্রাবণ ১৪৩৩, ২৫ সফর ১৪৪৮

কঠিন সময়ে মেসির পাশে সতীর্থরা

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২১:৪৭, ৯ আগস্ট ২০২৬

কঠিন সময়ে মেসির পাশে সতীর্থরা

ছবি :সংগৃহীত

ফুটবল বিশ্ব তারকা লিওনেল মেসির বাবা হোর্হে মেসিকে বিদায় জানাচ্ছে। শোকের এই সময়ে আর্জেন্টিনা জাতীয় দলের অধিনায়ককে সঙ্গ দিতে রোজারিও যাওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন সতীর্থ লিয়ান্দ্রো পারেদেস। রোববার (৯ আগস্ট) পার্কে পাত্রিসিওসে ভেলেসের সঙ্গে বোকা জুনিয়র্সের ১-১ গোলে ড্রয়ের পর তিনি এ কথা জানান।

প্রথমে পারেদেস বলেন, 'আমি তার (মেসি) সঙ্গে কথা বলতে পারিনি।' এরপর তিনি যোগ করেন, 'আমি জানি সে ভ্রমণ করছে। সে পৌঁছানো পর্যন্ত অপেক্ষা করছি, যাতে এই সময়ে তার পাশে থাকতে পারি। এই মুহূর্তে আমাদের সেখানে থাকা নিশ্চয়ই তার ভালো লাগবে।'

তিনি আরও বলেন, 'এখন আমি আমার কয়েকজন সতীর্থের সঙ্গে কথা বলব, আমরা এখনই যাব নাকি আগামীকাল দুপুরের পর যাব, সেটা দেখার জন্য।'

আর্জেন্টিনা দলের অধিনায়কের প্রতি সতীর্থদের আবেগের কথা তুলে ধরে পারেদেস বলেন, 'আমরা এটাকে নিজেদের বিষয় হিসেবেই অনুভব করছি, কারণ তিনি (মেসি) আমাদের কাছে কতটা গুরুত্বপূর্ণ, তা আমরা সবাই জানি।'
 
এদিকে মেসিও ইন্টার মায়ামির ম্যাচ বাদ দিয়ে রোসারিওতে ফিরে গেছেন। পুরো ক্যারিয়ারে যিনি তাকে সমর্থন দিয়ে গেছেন, সেই বাবাকে শেষবারের মতো বিদায় জানাতেই তার দেশে ফেরা। একই সঙ্গে শোকাহত পরিবারের সদস্যদের, বিশেষ করে তার মা সেলিয়াকে, সান্ত্বনা দিতে তিনি রোসারিওতে গেছেন।

হোর্হে মেসির শেষ বিদায়ের আয়োজনটি হবে সম্পূর্ণ ব্যক্তিগত। সেখানে শুধু পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুরাই উপস্থিত থাকবেন। তবে মেসির প্রতি সমবেদনা জানাতে অনেক ভক্ত কবরস্থানের প্রবেশপথে জড়ো হয়েছেন, যেখানে হোর্হে মেসির মরদেহ সমাহিত করার কথা রয়েছে।

  

 

আরও পড়ুন