স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৩:৩৮, ১২ আগস্ট ২০২৬
ছবি :সংগৃহীত
হোর্হে মেসির মৃত্যুতে লিওনেল মেসিকে সমবেদনা জানিয়েছেন তার চির প্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনালদো। পর্তুগিজ তারকা মেসিকে দিয়েছেন শক্ত থাকার বার্তা।
হোর্হে মেসি দীর্ঘদিন রোগে ভুগে গত ৮ আগস্ট না ফেরার দেশে পাড়ি জমান। পরের দিন শেষকৃত হয় তার। হোর্হে মেসিকে শায়িত করা হয়েছে রোজারিওর সান্তা ফের শহরতলির এল প্রাডো ব্যক্তিগত কবরস্থানে।
বাবার মৃত্যুর বিষয়টি নিয়ে আজ প্রথমবারের মতো প্রকাশ্যে মুখ খুলেছেন মেসি। ইন্টার মায়ামি ও আর্জেন্টিনা তারকা ইনস্টাগ্রামে একটি আবেগঘন বার্তায় হোর্হেকে তার বাবা, বন্ধু এবং প্রতিনিধি হিসেবে স্মরণ করেন।
মেসি লেখেন, তার বাবা আর নেই, এই বাস্তবতা মেনে নেওয়া কতটা কঠিন, এবং তাকে ছাড়া কীভাবে এগিয়ে যাবেন, তা তিনি জানেন না। বাবার সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক এবং তার ফুটবল ক্যারিয়ারে হোর্হের বিশাল প্রভাবের কথাও মেসির বার্তায় উঠে এসেছে।
মেসির এই পোস্টে কমেন্ট করে সমবেদনা জানান রোনালদো। রোনালদো লেখেন, ‘এই কঠিন সময়ে তোমার ও তোমার প্রিয়জনদের জন্য অনেক বড় আলিঙ্গন, লিও। শক্ত থাকো।’
এদিকে, বাবার মৃত্যুতে মেসি অনির্দিষ্টকাল আর্জেন্টিনায় থাকার সিদ্ধান্ত নিয়েছেন। পরিবারের জন্য অত্যন্ত কঠিন এই সময়ে প্রিয়জনদের সঙ্গে সময় কাটাতেই ৩৯ বছর বয়সী এই তারকা এমন সিদ্ধান্ত নিয়েছেন। বিশ্বস্ত সংবাদমাধ্যম ডোবলে আমারিয়ায় প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে ফেরার জন্য মেসি বর্তমানে কোনো নির্দিষ্ট তারিখ জানাননি। ফলে ইন্টার মায়ামির হয়ে কবে মাঠে ফিরবেন, সেটিও অনিশ্চিত। এর অর্থ, আগামী ১৩ আগস্ট লিওঁর বিপক্ষে ইন্টার মায়ামির লিগস কাপের ম্যাচে নিশ্চিতভাবেই খেলতে পারবেন না মেসি।