ঢাকা, রোববার, ০১ ফেব্রুয়ারি ২০২৬

১৯ মাঘ ১৪৩২, ১৩ শা'বান ১৪৪৭

বিশ্বকাপের সুপার সিক্সে বাংলাদেশের ‍যুবারা

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২২:০৮, ২৩ জানুয়ারি ২০২৬

বিশ্বকাপের সুপার সিক্সে বাংলাদেশের ‍যুবারা

যুক্তরাষ্ট্রকে বাংলাদেশ ১৯৯ রানে আটকে দিয়েছিল। ছবি: আইসিসি

যুক্তরাষ্ট্রকে হারিয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সুপার সিক্সে উঠেছে বাংলাদেশের যুবারা। বাদ পড়লো যুক্তরাষ্ট্র। প্রথম ম্যাচে হারের পর দ্বিতীয় ম্যাচ বাতিল হয়ে যাওয়া বাংলাদেশ আজ জিতেছে ৭ উইকেটে।

যুক্তরাষ্ট্রের দেওয়া ২০০ রানের লক্ষ্য বাংলাদেশ পেরিয়েছে ৫১ বল হাতে রেখে। জাওয়াদ আবরার ও রিফাত বেগের ৭৮ রানের উদ্বোধনী জুটি ও এরপর আজিজুল হাকিম তামিমের ৬৪ রানে জয়ের নাগালে চলে যায় বাংলাদেশ। জাওয়াদ আবরার ৪৭ ও রিফাত বেগ ৩০ রান করেন।

এরপর কালাম সিদ্দিকীর ২০ ও রিজান হোসেনের ২০ রানে ভর করে সহজ জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। ম্যাচসেরা হয়েছেন ১০ ওভারে ৪১ রান দিয়ে ৩ উইকেট নেওয়া ইকবাল হোসেন ইমন।

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ৪ গ্রুপের প্রতিটি থেকে ৩টি করে দল সুপার সিক্সে যাবে। ‘বি’ গ্রুপ থেকে আগেই ভারতের সুপার সিক্স নিশ্চিত হয়েছিল। যুক্তরাষ্ট্রের বিপক্ষে বাংলাদেশের জয়ে এক ম্যাচ হাতে রেখেই সুপার সিক্সে গেছে নিউজিল্যান্ড। ভারতের বিপক্ষে তাদের ওই ম্যাচ শেষে নিশ্চিত হবে, ‘বি’ গ্রুপে কে কততম হলো।

‘এ’, সি, ও ‘ডি’ গ্রুপ থেকে সুপার সিক্সে উঠা দলগুলো হলো যথাক্রমে অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড, ইংল্যান্ড, পাকিস্তান, জিম্বাবুয়ে, আফগানিস্তান, ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকা।

১২ দলকে দুটি গ্রুপে ভাগ করে অনুষ্ঠিত হবে সুপার সিক্সের খেলা। গ্রুপ ‘এ’ ও ‘ডি’র দলগুলোর স্থান হয়েছে ২ নম্বর গ্রুপে, ‘বি’ ও ‘সি’র দলগুলোর ১ নম্বর গ্রুপে। অর্থাৎ বাংলাদেশের গ্রুপে পড়েছে ইংল্যান্ড, পাকিস্তান, ভারত, নিউজিল্যান্ড ও জিম্বাবুয়ে।
 

আরও পড়ুন