প্র্রতিনিধি
প্রকাশ: ২৩:২৩, ২৭ জুলাই ২০২৬
ছবি :সংগৃহীত
কক্সবাজারের রামুতে অটোরিকশায় কার্ভাডভ্যানের ধাক্কায় দুই বোনসহ তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন দুজন।
সোমবার ( ২৭ জুলাই) বিকেল পৌনে ৩টার দিকে উপজেলার শহীদ এটিএম জাফর আলম আরাকান সড়কের (কক্সবাজার-টেকনাফ সড়ক) খুনিয়াপালং ইউনিয়নের মধ্যম খুনিয়াপালং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন: শাহনাজ বেগম (৪০) ও রুবিন বেগম (৪২)। তারা উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের হরিণমারা এলাকার জাফর আলমের মেয়ে। নিহত অপর অটোরিকশাযাত্রীর পরিচয় পাওয়া যায়নি।
এ তথ্য নিশ্চিত করেছেন রামু হাইওয়ে ক্রসিং থানার পরিদর্শক সুকান্ত চক্রবর্তী।
স্থানীয়দের বরাতে সুকান্ত চক্রবর্তী বলেন, ‘বিকেলে রামুর মধ্যম খুনিয়াপালং এলাকায় কক্সবাজারমুখী কাভার্ডভ্যানটি বিপরীত দিক থেকে আসা অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে গেলে ঘটনাস্থলে দুজন নিহত এবং চালকসহ তিনজন আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিলে চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন।’
কাভার্ডভ্যানের চালক ও তার সহকারী পালিয়ে গেলেও দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে। নিহতদের মরদেহ কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে রয়েছে। ঘটনার ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।