স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০০:২৪, ২৮ জুলাই ২০২৬
ফাইল ছবি
গত ১৯ জুলাই নিউ জার্সি স্টেডিয়ামে আর্জেন্টিনা-স্পেনের মধ্যকার বিশ্বকাপ ফাইনাল ম্যাচটি পরিচালনার দায়িত্ব ছিল স্লোভেনিয়ান রেফারি স্লাভকো ভিনচিচের কাঁধে। বর্তমান সময়ের অন্যতম সেরা এই রেফারির জন্য যা ছিল স্বপ্নপূরণের ব্যাপার। বিশ্বকাপ ফাইনালের মাত্র এক সপ্তাহের মাথায় অবাক করা এক সিদ্ধান্ত নিয়েছেন এই রেফারি।
বিশ্বকাপ ফাইনাল পরিচালনার মাত্র ৮ দিনের মাথায় পেশাদার রেফারিং ক্যারিয়ারের ইতি টানলেন স্লোভেনিয়ান রেফারি স্লাভকো ভিনচিচ। সোমবার (২৭ জুলাই) এ তথ্য জানিয়েছে স্লোভেনিয়ান ফুটবল ফেডারেশন (এনজেডএস)।
ফেডারেশন তাদের ওয়েবসাইটে জানায়, ‘যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত বিশ্বকাপ ফাইনাল পরিচালনার এক সপ্তাহ পর স্লাভকো ভিনচিচ আনুষ্ঠানিকভাবে ফুটবলের সর্বোচ্চ পর্যায়ে তার ঐতিহাসিক রেফারিং ক্যারিয়ারের সমাপ্তি ঘটিয়েছেন।’
এনজেডএসের মতে, ৪৬ বছর বয়সী ভিনচিচ বিশ্বকাপ ফাইনাল পরিচালনার মাধ্যমে ফুটবল ইতিহাসের অন্যতম সেরা রেফারি হিসেবে নিজের অবস্থান আরও সুদৃঢ় করেছেন।
বিদায় মৌসুমকে আরও স্মরণীয় করে তুলতে ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফুটবল হিস্ট্রি অ্যান্ড স্ট্যাটিস্টিকস (আইএফএফএইচএস) তাকে ২০২৬ বিশ্বকাপের সেরা রেফারি হিসেবে নির্বাচিত করে। সংস্থাটি জানায়, শীর্ষ পর্যায়ের রেফারিংয়ে যে স্পষ্ট, দৃঢ় ও নিয়ন্ত্রিত শৃঙ্খলা বজায় রাখার দক্ষতা ভিনচিচের পরিচয়, বিশ্বকাপেও তিনি সেটির উজ্জ্বল প্রমাণ রেখেছেন।
এছাড়া ২০২৬ বিশ্বকাপে অসাধারণ রেফারিংয়ের স্বীকৃতিস্বরূপ ইতালিতে তিনি মর্যাদাপূর্ণ ‘জিউলিও ক্যাম্পানাতি’ পুরস্কারও অর্জন করেন।
ভিনচিচ ২০১০ সাল থেকে আন্তর্জাতিক ম্যাচ পরিচালনা করে আসছিলেন। দীর্ঘ ক্যারিয়ারে তিনি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ম্যাচে দায়িত্ব পালন করেছেন। এর মধ্যে রয়েছে ২০২২ ইউরোপা লিগের ফাইনাল, যেখানে আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট ও গ্লাসগো রেঞ্জার্স মুখোমুখি হয়েছিল। এছাড়া ২০২৪ উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল, যেখানে বরুশিয়া ডর্টমুন্ডকে হারিয়ে শিরোপা জিতেছিল রিয়াল মাদ্রিদ, সেই ম্যাচেরও রেফারি ছিলেন তিনি। একই বছরে আইএফএফএইচএস তাকে বিশ্বের দ্বিতীয় সেরা রেফারি হিসেবে স্বীকৃতি দিয়েছিল।