রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: ২৩:৩৬, ২ আগস্ট ২০২৬
ছবি:বাংলার চোখ
নওগাঁর রাণীনগরে রেলওয়ের লিজকৃত দোকানঘরের অস্বাভাবিক খাজনা বৃদ্ধির প্রতিবাদে ও খাজনা পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন করেছে ব্যবসায়ীরা।
রোববার বেলা সাড়ে ১১টায় রাণীনগর রেল দোকান মালিক সমিতির ব্যানারে রেল স্টেশনের প্রধান ফটকের সামনে ঘন্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, বিগ বাজার মার্কেটের স্বত্বাধিকারী মোখলেছুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মুকুল মিনা, খালেকুজ্জামান রায়হান, আবু নাসের টনি, ঝন্টু প্রমুখ। মানববন্ধনে ব্যবসায়ীরা রেলের অস্বাভাবিক খাজনা বৃদ্ধির প্রতিবাদসহ খাজনা কমানোর দাবি জানান।
এ সময় বক্তারা বলেন, পূর্বের তুলনায় রেলের লিজকৃত দোকানগুলোর খাজনা অনেক বেশি বৃদ্ধি করা হয়েছে। পূর্বের রেট ছিলো প্রতি স্কয়ারফিট ১২টাকা এরপর ১৫ টাকা এবং সর্বশেষ (বর্তমানে) ৩০ টাকা করা হয়েছে। যা গরীব ও অসহায় দোকান মালিকদের জন্য পরিশোধ করা খুব অসহনীয় ও কষ্টসাধ্য হয়ে পড়েছে। বর্তমানে ব্যবসায়িক মন্দা, দ্রব্যমূল্যের উর্দ্ধগতি এবং স্থানীয় অর্থনৈতিক বাস্তবতা বিবেচনায় এই বর্ধিত খাজনা দোকান মালিকদের জন্য বড় ধরণের আর্থিক চাপ সৃষ্টি করবে।
তারা বলেন, আমরা সব সময় নিয়মিতভাবে খাজনা পরিশোধ করে সরকারের রাজস্ব খাতে সহযোগিতা করে আসছি। ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে। তাই রেলস্টেশন এলাকার লীজকৃত দোকানগুলোর খাজনার হার পুনর্বিবেচনা করে যৌক্তিক ও সহনীয় পর্যায়ে নির্ধারণের দাবি তাদের।
যদি দ্রুত খাজনা সহনীয় পর্যায়ে নির্ধারণ করা না হয় তাহলে আগামীতে আরও কঠোর আন্দোলনের হুশিয়ারী দেন বক্তারা।