ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০১:৩৭, ২২ জুলাই ২০২৬
সাবেক আইজিপি বেনজীর আহমেদ I ফাইল ছবি
দুর্নীতির মামলায় অভিযুক্ত সাবেক আইজিপি বেনজীর আহমেদকে ফেরত পাঠাতে কিছু বিষয়ে ব্যাখ্যা চেয়ে সম্প্রতি দুদককে চিঠি দেয় দুবাই পুলিশ। এর জবাব দুই-এক দিনের মধ্যে পাঠানো হবে বলে জানিয়েছেন সংস্থাটির মুখপাত্র আকতারুল ইসলাম। তিনি বলেন, অবৈধ সম্পদ অর্জনের মামলার নথিসহ অন্যান্য প্রয়োজনীয় নথিপত্র পাঠানোর প্রস্তুতি চলছে।
এর আগে গত জুন মাসের মাঝামাঝি সময়ে পলাতক সাবেক আইজিপি বেনজীর আহমেদকে ইন্টারপোলের মাধ্যমে দুবাই পুলিশ গ্রেফতার করে। এরপরই তাকে দেশে ফেরাতে তোড়জোড় শুরু করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মাত্র দুই দিনের ব্যবধানে সমস্ত নথিপত্র প্রস্তুত করে প্রত্যর্পণপত্র পাঠায় সংস্থাটি।
দুদকের উপপরিচালক আকতারুল ইসলাম জানান, চিঠির জবাবে এক মাস পর বেনজীরকে ফেরত পাঠাতে নীতিগত সম্মতি দিয়ে মামলাসহ কিছু বিষয়ে ব্যাখ্যা তলব করে সম্প্রতি চিঠি দেয় দুবাই পুলিশ। আমরা তাদের চিঠি হাতে পেয়ে জবাব প্রস্তুত করা শুরু করেছি।
বেনজীরের বিরুদ্ধে পাসপোর্ট জালিয়াতিসহ অঢেল সম্পদ অর্জনের অভিযোগে ছয়টি মামলা করে দুদক। এর মধ্যে ৭৪ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের মামলায় বিচারকাজ শুরু হয়েছে।