ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

৮ শ্রাবণ ১৪৩৩, ০৭ সফর ১৪৪৮

নজরুলকে বহিষ্কারের কথা জানিয়ে স্পিকার-ইসিকে জামায়াতের চিঠি

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০০:১৭, ২৪ জুলাই ২০২৬

নজরুলকে বহিষ্কারের কথা জানিয়ে স্পিকার-ইসিকে জামায়াতের চিঠি

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম।ফাইল ছবি

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত স্পিকার ও নির্বাচন কমিশনকে (ইসি) চিঠির মাধ্যমে জানিয়েছে জামায়াতে ইসলামী।

বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে জামায়াতের কেন্দ্রীয় প্রচার বিভাগ থেকে চিঠির অনুলিপি সংবাদমাধ্যমে পাঠানো হয়।

দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেন, ‘স্পিকারের অফিসে ও নির্বাচন কমিশনে গিয়ে আমাদের একজন সংসদ সদস্য দলীয় চিঠি পৌঁছে দিয়েছেন।’
 
চিঠিতে বলা হয়, সম্প্রতি সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত অভিযোগের বিষয়ে দলীয় তদন্তে তার নৈতিক স্খলনের প্রমাণ মিলেছে। এ পরিপ্রেক্ষিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর গঠনতন্ত্রের ৬২ নম্বর ধারা অনুযায়ী তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির শফিকুর রহমানের সভাপতিত্বে দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।
 
ত্রয়োদশ সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকে সাতক্ষীরা-৪ আসন থেকে নির্বাচিত হন নজরুল ইসলাম।
 
এক নারীর সঙ্গে গত সোমবার (২০ জুলাই) রাতে তার অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে। এ বিষয়ে প্রথমে জামায়াতের নেতাকর্মীরা এটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি বলে দাবি করেন। এরপর মঙ্গলবার (২১ জুলাই) এমপি নজরুল ইসলাম ফেসবুকে পোস্টে ওই নারীকে দ্বিতীয় স্ত্রী বলে দাবি করেন। উদ্ভূত পরিস্থিতিতে শেষ পর্যন্ত তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয় জামায়াতে ইসলামী।
 
এদিকে, গাজী নজরুল ইসলামকে তার দল জামায়াতে ইসলামী বহিষ্কার করলেও তার এমপি পদ নিয়ে নির্বাচন কমিশনের করার কিছু নেই বলে জানিয়েছেন ইসি আব্দুর রহমানেল মাছউদ। তবে দল থেকে স্বেচ্ছায় পদত্যাগ করলে এমপি পদ শূন্য হয় বলে জানান তিনি।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন