ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬

৪ আষাঢ় ১৪৩৩, ০২ মুহররম ১৪৪৮

 নাটকীয় সমতা রেখে ম্যাচ শেষ করল দক্ষিণ আফ্রিকা

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০০:৪৪, ১৯ জুন ২০২৬

 নাটকীয় সমতা রেখে ম্যাচ শেষ করল দক্ষিণ আফ্রিকা

দক্ষিণ আফ্রিকা-চেক প্রজাতন্ত্র ম্যাচে বল দখলের লড়াই। ছবি :সংগৃহীত

বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও জয় পেল না চেক প্রজাতন্ত্র কিংবা দক্ষিণ আফ্রিকা। গ্রুপ ‘এ’-র বাঁচা-মরার লড়াইয়ে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত ১-১ গোলের ড্রয়ে মাঠ ছাড়তে হয়েছে চেকদের। অন্যদিকে, ম্যাচের শেষ দিকে পাওয়া পেনাল্টি থেকে গোল করে এক পয়েন্ট উদ্ধার করেছে দক্ষিণ আফ্রিকা। 

দক্ষিণ কোরিয়ার কাছে ২-১ গোলে হারের পর নিজেদের একাদশে পাঁচটি পরিবর্তন এনেছিলেন চেক কোচ মিরোস্লাভ কাউবেক। বাদ পড়েন টমাস সুচেক, খালোপেক, জেলেনি, প্রোভোদ ও শুলৎস। তাদের জায়গায় সুযোগ পান হোলেশ, মিখাল সাদিলেক, ভ্লাদিমির দারিদা, লুকাশ চের্ভ ও আদাম হ্লোজেক। আক্রমণে পাত্রিক শিকের সঙ্গী ছিলেন হ্লোজেক।

অন্যদিকে, মেক্সিকোর কাছে হারের পর দক্ষিণ আফ্রিকাও একাদশে তিনটি পরিবর্তন আনে। নিষেধাজ্ঞার কারণে খেলতে পারেননি স্ফেফেলো সিথোলে। দলে সুযোগ পান থালেন্তে এমবাথা, থাপেলো মাসেকো ও অসউইন অ্যাপোলিস।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে চেক প্রজাতন্ত্র। এর ফলও পেয়ে যায় দ্রুত। মাত্র ৬ মিনিটে আসে ম্যাচের প্রথম গোল। ডান প্রান্ত থেকে লম্বা থ্রো-ইন ধরে বল নিয়ন্ত্রণে নেন আদাম হ্লোজেক। এরপর বক্সের ভেতরে আলেক্সান্দর সোইকার সঙ্গে চমৎকার বোঝাপড়ায় তৈরি হওয়া সুযোগ থেকে নিচু শটে বল জালে জড়ান মিখাল সাদিলেক। বিশ্বকাপের এবারের আসরে এটিই ছিল তখন পর্যন্ত দ্রুততম গোল।

গোলের পরও চেকদের আধিপত্য ছিল স্পষ্ট। প্রথমার্ধে আরও কয়েকটি সুযোগ তৈরি করলেও ব্যবধান বাড়াতে পারেনি তারা। পাত্রিক শিক একটি ভালো হেডের সুযোগ নষ্ট করেন। অন্যদিকে, দক্ষিণ আফ্রিকা বলের দখল বেশি রাখলেও আক্রমণের শেষভাগে ছিল ভীষণ অগোছালো।

প্রথমার্ধে দক্ষিণ আফ্রিকার দুই মিডফিল্ডার তেবোহো মোকোয়েনা (৩৩ মিনিট) ও থালেন্তে এমবাথা (৪০ মিনিট) হলুদ কার্ড দেখেন। বিরতিতে যাওয়ার আগে সমতায় ফেরার একটি সুযোগও পেয়েছিল আফ্রিকান দলটি, কিন্তু কাজে লাগাতে পারেনি।

দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরার চেষ্টা করে দক্ষিণ আফ্রিকা। ম্যাচের ৪৬তম মিনিটে রেলেবোহিলে মোফোকেংকে নামানো হয়। পরে এভিডেন্স মাকগোপাকেও মাঠে নামান কোচ হুগো ব্রুস। ধীরে ধীরে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের দিকে টেনে নেয় তারা।

লিড ধরে রাখতে একের পর এক পরিবর্তন আনতে থাকে চেক প্রজাতন্ত্র। ম্যাচের ৫৫তম মিনিটে পাভেল শুলৎস ও ইয়ারোস্লাভ জেলেনি, ৬৭তম মিনিটে টমাস সুচেক ও লুকাশ প্রোভোদকে নামানো হয়।

ম্যাচের মোড় ঘুরে যায় শেষ ১০ মিনিটে। দক্ষিণ আফ্রিকার আক্রমণের সময় চেক ডিফেন্ডারের হ্যান্ডবলের ঘটনায় ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) সহায়তায় পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি টরি পেনসো। সিদ্ধান্তটি নিয়ে মাঠে ও সমর্থকদের মধ্যে বিতর্ক থাকলেও শেষ পর্যন্ত সিদ্ধান্ত বহাল থাকে।

৮৩তম মিনিটে স্পট কিক নিতে এসে কোনো ভুল করেননি তেবোহো মোকোয়েনা। ডান পায়ের জোরালো শটে বল পাঠিয়ে দেন জালের নিচের বাঁ কোণে। গোলরক্ষক মাতেই কোভার দিক বুঝলেও বল ঠেকাতে পারেননি। 

শেষ দিকে জয়সূচক গোলের জন্য মরিয়া হয়ে ওঠে দুই দলই। তবে নির্ধারিত সময় ও যোগ করা মিনিটে আর কোনো গোল না হওয়ায় ১-১ সমতায় শেষ হয় ম্যাচ।

এই ড্রয়ের ফলে দুই ম্যাচ শেষে চেক প্রজাতন্ত্র ও দক্ষিণ আফ্রিকা—দুই দলেরই সংগ্রহ ১ পয়েন্ট। প্রথম ম্যাচে হার দিয়ে শুরু করা দল দুটির জন্যই দ্বিতীয় রাউন্ডে ওঠার লড়াই এখন শেষ ম্যাচের ওপর নির্ভর করছে।

আরও পড়ুন