টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ: ২০:৪৮, ৩ ফেব্রুয়ারি ২০২৬
ছবি:বাংলার চোখ
আসন্ন পবিত্র রমজান ও ঈদ উল ফিতর উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের সরবরাহ নিশ্চিত করা এবং বাজারে মূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে টাঙ্গাইল জেলা টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় টাঙ্গাইল জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট শরিফা হক। সভাটি সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মাহাবুব হাসান।
সভায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি রোধ, অবৈধ মজুদ প্রতিরোধ এবং বাজারে সরবরাহ স্বাভাবিক রাখার বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মাহাবুব হাসান। তিনি বলেন,রং মিশ্রিত ফরমালিন যুক্ত খাবার থেকে বিরত থাকতে হবে এবিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে। ফরমালিন মুক্ত স্বাস্থ্যকর খাবার খেতে হবে।
সভায় রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার তদারকি জোরদার, ভোক্তা অধিকার সংরক্ষণ এবং সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে নিত্যপণ্য সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্টদের সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সরকারি দপ্তরে বিভিন্ন কর্মকর্তা কর্মচারী ও বাজার কমিটি বিভিন্ন দপ্তরে সদস্যবৃন্দ ও কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সম্পাদক ও বিশেষ টাস্কফোসের সদস্য আবু জুবায়ের উজ্জ্বল ।
এদিকে জেলা প্রশাসন থেকে রমজান ও ঈদকে সামনে রেখে বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযান ও মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে।