প্র্রতিনিধি
প্রকাশ: ১৪:০৮, ৩ ফেব্রুয়ারি ২০২৬
.
মৃদু ভূমিকম্পে কেঁপে উঠল দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ভোর ৪টা ৩৬ মিনিট ৪৬ সেকেন্ডে ৪ দশমিক ১ মাত্রার এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল দক্ষিণের জেলা সাতক্ষীরার কলারোয়া। তবে উৎপত্তিস্থলেই ভূমিকম্পের কোনো ঝাঁকুনি টের পাননি স্থানীয়রা।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, ভূমিকম্পের কোনো অনুভূতি তারা পাননি।
সাতক্ষীরার প্রথম শ্রেণির আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জুলফিকার আলী তুহিন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, এলাকায় তেমন কোনো ভূমিকম্প অনুভূতির খবর জানা যায়নি।
সাতক্ষীরা আবহাওয়া অধিদফতরের তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৪ দশমিক ১। মাত্রায় ভূমিকম্পটি হালকা শ্রেণির বলে উল্লেখ করা হয়েছে। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল সাতক্ষীরার কলারোয়া উপজেলা এলাকায়। ভূমিকম্পটির ভৌগোলিক অবস্থান ছিল ২২.৮৪ উত্তর অক্ষাংশ এবং ৮৯.০১ পূর্ব দ্রাঘিমাংশ।
ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূকম্প বিজ্ঞান কেন্দ্র (ইএমএসসি) এবং ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) জানিয়েছে, ভূপৃষ্ঠ থেকে এই ভূমিকম্পের কেন্দ্রস্থলের গভীরতা ছিল ১৫০ কিলোমিটার। গভীরতা বেশি হওয়ায় কম্পনটি তীব্র ছিল না। তবে ভোররাতে সাতক্ষীরা, খুলনা ও যশোরসহ পার্শ্ববর্তী জেলাগুলোতে মৃদু কম্পন অনুভূত হয়। তবে এতে এখন পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।