টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ: ০২:১০, ২৯ জুলাই ২০২৬
ছবি:বাংলার চোখ
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) নতুন প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন অধ্যাপক মো. আনিছুর রহমান।
মঙ্গলবার (২৮ জুলাই ২০২৬) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এসে তিনি আনুষ্ঠানিক ভাবে যোগদান করেন। যোগদান শেষে তিনি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থিত মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মাজারে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।
অধ্যাপক মো. আনিছুর রহমান দীর্ঘ তিন দশকেরও বেশি সময় ধরে উচ্চশিক্ষা, গবেষণা, পাঠ্যক্রম উন্নয়ন এবং উন্মুক্ত ও দূরশিক্ষা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছেন। তিনি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) সামাজিক বিজ্ঞান, মানবিক ও ভাষা স্কুলের দর্শন বিভাগের অধ্যাপক এবং দর্শন ডিসিপ্লিনের কারিকুলাম কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। এছাড়া তিনি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত রেজিস্ট্রার হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে দর্শন বিষয়ে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তাঁর স্নাতকোত্তর গবেষণার বিষয় ছিল "Environmental Ethics: A Creative Synthesis"। ১৯৯৪ সালে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে যোগদানের পর থেকে তিনি অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক ও প্রভাষকসহ বিভিন্ন একাডেমিক পদে দায়িত্ব পালন করেন।