আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৪:০২, ৩ ফেব্রুয়ারি ২০২৬
ছবি :সংগৃহীত
কানাডার সারেতে একটি বাসভবনের বাইরে গুলি চালানোর ঘটনায় জড়িত অভিযোগে, তিন ভারতীয়কে গ্রেফতার করেছে পুলিশ। তিনজনের বিরুদ্ধে আগ্নেয়াস্ত্র সংক্রান্ত অপরাধের অভিযোগ আনা হয়েছে এবং ৫ ফেব্রুয়ারি পর্যন্ত পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে।মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ খবর জানানো হয়।
এতে বলা হয়, ১ ফেব্রুয়ারি, ভোর ৩ টা ৫০ মিনিটে, ক্রিসেন্ট রোড এবং ১৩২ স্ট্রিটের কাছে একটি বাসভবনের বাইরে গুলি চালানো এবং ছোট আগুন লাগার খবর পায় সারে পুলিশ সার্ভিস (এসপিএস)। প্রজেক্ট অ্যাসুরেন্সের অংশ হিসেবে সেই সময় সারের ক্রিসেন্ট বিচ এলাকায় টহলরত এসপিএস সদস্যরা দ্রুত ঘটনাস্থলে যান এবং সেখানে তিন অভিযুক্তকে গ্রেফতার করা হয়।
এসপিএস এক প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছে, একটি রাইডশেয়ার গাড়িতে ওঠার কিছুক্ষণ পরেই ২৮ অ্যাভিনিউ এবং ১৪০ স্ট্রিটের কাছ থেকে এসপিএস অফিসাররা তিন অভিযুক্তকে গ্রেফতার করে।
অভিযুক্ত তিনজন হলো, হরজোত সিং (২১), তারানবীর সিং (১৯) এবং দয়াজিৎ সিং (২১)। তিনজনের বিরুদ্ধেই কানাডিয়ান ফৌজদারি আইনের অধীনে একটি স্থানে আগ্নেয়াস্ত্র ছোড়ার অভিযোগ আনা হয়েছে। আগামী দিনে আরও অভিযোগ যোগ করা হতে পারে।
এদিকে, এসপিএস তিন অভিযুক্তের ছবি প্রকাশ করার সাথে সাথে আরও তদন্ত এবং ব্যবস্থা নেয়ার জন্য সিসিটিভি বা ড্যাশক্যাম ফুটেজসহ ঘটনার তথ্য শেয়ার করার জন্য জনসাধারণের কাছে আবেদন করেছে।
গত সপ্তাহে, ২৬ জানুয়ারী, আরেকটি গুলি চালানোর ঘটনায় দুই ভারতীয়কে গ্রেফতার করা হয়েছিল। গ্রেফতারের সময় একটি লোডেড হ্যান্ডগান জব্দ করা হয়।
ওই দুই ব্যক্তিকে হর্ষদীপ সিং (২০) এবং হংসপ্রীত সিং (২১) হিসাবে চিহ্নিত করা হয়।
সূত্র: এনডিটিভি