ঢাকা, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৬

২২ মাঘ ১৪৩২, ১৬ শা'বান ১৪৪৭

যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় ফের ইসরাইলি হামলা, নিহত ১৮

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৬:০৪, ৪ ফেব্রুয়ারি ২০২৬

যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় ফের ইসরাইলি হামলা, নিহত ১৮

ছবি :সংগৃহীত

যুদ্ধবিরতি লঙ্ঘন করে ফিলিস্তিনের গাজায় ফের হামলা চালিয়েছে ইসরাইল। এতে কমপক্ষে ১৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে গাজা শহরের তুফাহ এবং জেইতুন এলাকায় নিহত হয়েছেন ১১ জন। হাসপাতাল সূত্র এই তথ্য নিশ্চিত করেছে বলে জানিয়েছে আল জাজিরা।
 
গত বছরের অক্টোবরে যুদ্ধবিরতি কার্যকর হলেও তা মানেনি ইসরাইল। প্রায় প্রতিদিনই হামলা চালিয়েছে দেশটি। গত ২৪ ঘণ্টা গাজাজুড়ে ব্যাপক হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী। গাজার পাশাপাশি পশ্চিম তীরের জেরিকোতেও ইসরাইলি অভিযানে বেশ কয়েকজন ফিলিস্তিনি হতাহত হয়েছেন।

 এদিকে প্রায় ১৮ মাস পর গাজায় প্রবেশ করেছে মিশরে আটকা পড়া ফিলিস্তিনিদের প্রথম বাস। নিজ ভূমিতে ফিরে বন্দিদশার ভয়াবহ অভিজ্ঞতার কথা জানিয়েছেন ফিলিস্তিনিরা। রাফাহ সীমান্ত খুলে দেয়ার পর এখন পর্যন্ত মাত্র ৫ জন মুমূর্ষু রোগীকে মিশরে যাওয়ার অনুমতি দিয়েছে বেনিয়ামিন নেতানিয়াহু প্রশাসন।
 
প্রায় দুই বছর পর গত রোববার (১ ফেব্রুয়ারি) গাজা ও মিসরের মধ্যকার গুরুত্বপূর্ণ রাফাহ সীমান্ত পরীক্ষামূলকভাবে পুনরায় খুলে দেয় ইসরাইল। তবে রাফাহ দিয়ে ফিলিস্তিনিদের যাতায়াত কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হচ্ছে।
 
প্রায় ৫০ জন গাজায় ঢোকার কথা থাকলেও মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাত পর্যন্ত মাত্র তিন নারী ও নয় শিশু প্রবেশ করতে সক্ষম হন। বাকিরা নিরাপত্তা ছাড়পত্রের অপেক্ষায় আটকে আছেন।
 
অন্যদিকে চিকিৎসার জন্য গাজা ছাড়ার অপেক্ষায় থাকা ৫০ জনের মধ্যে মাত্র পাঁচজন রোগী ও সাতজন স্বজন মিশরে যেতে পেরেছেন। আজ বুধবারের জন্য রাফাহ ক্রসিং দিয়ে রোগী ও আহতদের বহির্গমন বাতিল করা হয়েছে।
 
ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট সোসাইটির (পিআরসিএস) মুখপাত্র বলেছেন, আজ সকালে তাদেরকে জানানো হয়েছে যে রাফাহ ক্রসিং দিয়ে রোগী ও আহতদের সরিয়ে নেয়ার কাজ আজকের জন্য বাতিল করা হয়েছে।
 
জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক কাউন্সিলে বক্তব্য দিয়ে মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেন, গাজা ও অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকার রক্ষায় জাতিসংঘ বরাবরই অটল।
 
গাজা ও মিশরের মধ্যে রাফাহ সীমান্ত আংশিকভাবে পুনরায় খোলার প্রথম দিনেই গুতেরেস মানবিক সহায়তা প্রসঙ্গে জোর দেন। তিনি বলেন, গাজায় দ্রুত ও বৃহৎ পরিসরে ত্রাণ প্রবেশ নিশ্চিত করতে হবে।

সূত্র: আল জাজিরা

আরও পড়ুন