ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১৮:৩৫, ১০ মার্চ ২০২৬
ছবি :সংগৃহীত
তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, নিবার্চনি প্রতিশ্রুতি পূরণে আসন্ন সংসদ অধিবেশনেই তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশটি আইন হিসেবে পাশ করা হবে। পরবর্তীতে আইনটির বাস্তবায়নেও তথ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে সবধরনের সহায়তা দেওয়া হবে। একই সঙ্গে বাস্তবায়ন মনিটরিং সেলও গঠন করার প্রতিশ্রুতি দেন তিনি।
সোমবার শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা সেমিনার কক্ষে প্রজ্ঞা (প্রগতির জন্য জ্ঞান) এবং অ্যান্টি টোব্যাকো মিডিয়া এলায়েন্স (আত্মা) আয়োজিত ‘জনস্বাস্থ্য সুরক্ষায় তামাক নিয়ন্ত্রণ: সরকারের সাফল্য, প্রতিশ্রুতি ও জনপ্রত্যাশা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এ আশ্বাস দেন।
সেমিনারে তামাকের ক্ষয়ক্ষতির ওপর মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রজ্ঞার তামাক নিয়ন্ত্রণ বিষয়ক প্রকল্প প্রধান হাসান শাহরিয়ার।
সেমিনারে বিশেষ অতিথি হিসেবে দৈনিক যুগান্তর সম্পাদক আবদুল হাই শিকদার বলেন, তামাক নিয়ন্ত্রণে শক্তিশালী আইনের বিকল্প নেই। জনপ্রত্যাশা পূরণে অধ্যাদেশটি যথাসময়ে আইন হিসেবে পাশের দাবি জানাচ্ছি।
চ্যানেল ২৪-এর নির্বাহী পরিচালক জহিরুল আলম বলেন, তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালীকরণে গণমাধ্যম শক্তিশালী ভূমিকা পালন করছে, এটা চলমান রাখতে হবে।
অনলাইন সংবাদমাধ্যম চরচার সম্পাদক সোহরাব হাসান বলেন, জনস্বাস্থ্য সুরক্ষায় সরকারের উচিত হবে অধ্যাদেশটি হুবহু আইন হিসেবে পাশ করা।
মূল প্রবন্ধে বলা হয়, বাংলাদেশে তামাক ব্যবহার অত্যন্ত উদ্বেগজনক পর্যায়ে রয়েছে। দেশের প্রায় ৩ কোটি ৭৮ লাখ প্রাপ্তবয়স্ক মানুষ (৩৫ শতাংশ) তামাক ব্যবহার করেন। তামাক প্রতিদিন গড়ে ৫৪৮টি প্রাণ কেড়ে নেয়,পঙ্গুত্ববরণ করে অসংখ্য মানুষ। তামাকের আর্থিক ক্ষতি বছরে প্রায় ৮৭ হাজার কোটি টাকা।
‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে আইন হিসেবে গৃহীত না হলে তামাকের ক্ষয়ক্ষতি ক্রমশ বাড়তেই থাকবে বলে উদ্বেগ প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা।
সেমিনারে তামাক ব্যবহারের ফলে ক্যানসারে আক্রান্ত ভুক্তভোগীদের অভিজ্ঞতা বিনিময় পর্বটি পরিচালনা করেন বাংলাদেশ ক্যানসার সোসাইটির সভাপতি অধ্যাপক ডা. গোলাম মহিউদ্দিন ফারুক।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আত্মার কনভেনর মর্তুজা হায়দার লিটন ও প্রজ্ঞার নির্বাহী পরিচালক এবিএম জুবায়েরসহ বিভিন্ন তামাকবিরোধী সংগঠনের প্রতিনিধিরা। অনুষ্ঠানের সঞ্চালনের দায়িত্ব পালন করেন আত্মার কো-কনভেনর নাদিরা কিরণ।