ঢাকা, সোমবার, ১৫ জুন ২০২৬

৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩, ২৮ জ্বিলহজ্জ ১৪৪৭

আগামী ২৪ ঘণ্টায় ভারি বর্ষণ হতে পারে যেসব অঞ্চলে

প্রকাশ: ২২:১২, ১৪ জুন ২০২৬

আগামী ২৪ ঘণ্টায় ভারি বর্ষণ হতে পারে যেসব অঞ্চলে

ফাইল ছবি

গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত লঘুচাপের বর্ধিতাংশ অবস্থানের কারণে দেশের ওপর মৌসুমি বায়ু মোটামুটি সক্রিয় রয়েছে। এর প্রভাবে দেশের সব বিভাগেই কম-বেশি বৃষ্টির পাশাপাশি কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণের সম্ভাবনা রয়েছে। রোববার (১৪ জুন) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টা বা পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

পূর্বাভাসে বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে।

এ অবস্থায় রোববার (১৪ জুন) সন্ধ্যা ৬টা থেকে সোমবার (১৫ জুন) সন্ধ্যা ৬টার মধ্যে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে। এ সময় সারা দেশে দিনের এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

 

আরও পড়ুন